সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে লক্ষ্য করে গুলি চালিয়ে খুনের পরিকল্পনা বানচাল করল দিল্লি পুলিশ। এই ঘটনায় দুই সশস্ত্র সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে এক নাবালককেও। পুলিশের দাবি, দক্ষিণ-পূর্ব দিল্লির নিজামুদ্দিন এলাকায় ওই ইনফ্লুয়েন্সারকে নিশানা করে হামলার ছক কষেছিল অভিযুক্তরা।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে পাঁচটি সেমি-অটোমেটিক পিস্তল এবং বেশ কয়েকটি কার্তুজ উদ্ধার হয়েছে। অভিযুক্তদের সঙ্গে রশিদ কেবলওয়ালা গ্যাংয়ের যোগসূত্র রয়েছে বলেও প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের। হামলার পরিকল্পনা কার্যকর হওয়ার আগেই হজরত নিজামুদ্দিন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
কী কারণে ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে নিশানা করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। এই হামলার পরিকল্পনার পিছনে আরও কারও মদত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা ষড়যন্ত্রের পর্দা ফাঁসের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

