খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
SaturdayNovember 21, 2026
নজরে এখন ✦‘গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন’, ৭৫ বছরে ভারতের বদলের খতিয়ান মোদীর, নিশানায় বাম আমলের শিল্পনীতি · জেলেই সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের অনুমতি · Google’s $5 Million Boost For IIT Kharagpur’s AI Future
আন্তর্জাতিক

আওয়ামী লীগের বিক্ষোভে অগ্নিগর্ভ বাংলাদেশ, ২৩ জেলায় নাশকতা! ট্রেন-বাসে আগুন, পথে বিএনপি-জামাত

Arunima karmakar ·

আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে ফের অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ (Bangladesh)। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের ২৩টি জেলায় নাশকতার ঘটনা ঘটেছে বলে বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’-র প্রতিবেদনে দাবি করা হয়েছে। দু’টি ট্রেন ও রেললাইনে আগুন ধরানোর পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয়েছে ১২টি বাস। পরিস্থিতি মোকাবিলায় পথে নামার ডাক দিয়েছে বাংলাদেশের শাসকদল বিএনপি এবং বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি। তবে পরিস্থিতি সামাল দিতে এখনই কঠোর পদক্ষেপের পথে হাঁটতে চাইছে না তারেক রহমানের সরকার। একদা আওয়ামী লীগের শক্তঘাঁটি বলে পরিচিত গোপালগঞ্জ ছাড়াও সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজশাহী, নেত্রকোণা ও পাবনা-সহ একাধিক জেলায় অশান্তি ছড়িয়েছে।

‘প্রথম আলো’-র প্রতিবেদন অনুযায়ী, বিএনপি সরকারের একাংশের আশঙ্কা, আওয়ামী লীগের উস্কানিতে পা দিয়ে প্রশাসন অতিরিক্ত কঠোর হলে রাজনৈতিক সুবিধা পেতে পারে শেখ হাসিনার দল। তাই পাল্টা হিংসা বা রক্তপাতের পথে না গিয়ে রাজনৈতিকভাবেই আওয়ামী লীগের মোকাবিলা করতে চাইছে তারেক সরকার। বৃহস্পতিবার ঢাকা-সহ বিভিন্ন এলাকায় মিছিল করেন বিএনপি কর্মী-সমর্থকেরা। এ দিন লালমণিরহাটে একটি প্রকল্পের উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘‘যথেষ্ট হয়েছে। আমরা এই সন্ত্রাসী, অগ্নিসংযোগকারী এবং খুনিদের পরিষ্কার বার্তা দিতে চাই।’’ নাম না করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে তাঁর অভিযোগ, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অন্য দিকে, বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কটাক্ষ, ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। তাঁর স্পষ্ট বার্তা, সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না।

এ দিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে জল্পনার মধ্যেই অশান্তির মাত্রা বেড়েছে। পোশাকশ্রমিকদের বিক্ষোভের পিছনেও আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ বিএনপি সরকারের। বুধবার গভীর রাতে চট্টগ্রামে প্রাক্তন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার গোপালগঞ্জে বিএনপি সাংসদ সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। দুপুরে মুকসুদপুর থানায় আগুন ধরিয়ে দেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। এর আগে মঙ্গলবার টুঙ্গিপাড়া থানাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। অন্য দিকে, বুধবার নড়াইলে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে তিন বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। বাসে অগ্নিসংযোগের ঘটনায় প্রাণ হারিয়েছেন এক চালকও।

সরকারি ভাবে আওয়ামী লীগের সমস্ত কর্মসূচি নিষিদ্ধ থাকলেও সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজনৈতিক জমি ফিরে পেতে সক্রিয় হাসিনার দল। অন্য দিকে, আওয়ামী লীগের কার্যকলাপ রুখতে দেশজুড়ে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। গত ২৪ ঘণ্টায় ঢাকায় আওয়ামী লীগ ও তার বিভিন্ন শাখা সংগঠনের ৭১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সরকারের প্রাক্তন মন্ত্রী নজরুল ইসলাম হিরু। পরিস্থিতির জেরে গোপালগঞ্জের উপর দিয়ে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কেও প্রায় ৩৬ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার রাত থেকে নতুন করে অশান্তির খবর না আসায় গোপালগঞ্জের মহাসড়কে যান চলাচল শুরু হয়। শুক্রবার সকাল থেকে ওই রাস্তা দিয়ে ফের দূরপাল্লার বাস চলাচল শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *