খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
SaturdayNovember 21, 2026
নজরে এখন ✦‘গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন’, ৭৫ বছরে ভারতের বদলের খতিয়ান মোদীর, নিশানায় বাম আমলের শিল্পনীতি · জেলেই সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের অনুমতি · Google’s $5 Million Boost For IIT Kharagpur’s AI Future
কলকাতা

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে হাই কোর্টে তুমুল বাদানুবাদ, ২৯ জানুয়ারি পর্যন্ত রক্ষাকবচ

Arunima karmakar ·

বিচারব্যবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে শুক্রবার কার্যত উত্তপ্ত হয়ে উঠল কলকাতা হাই কোর্ট। ডিজে মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির শুনানিতে রাজ্য সরকার ও অভিষেকের আইনজীবীর মধ্যে তীব্র বাদানুবাদ হয়। যদিও শেষ পর্যন্ত অভিষেককে স্বস্তি দিয়ে আগামী বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত।

বিচারব্যবস্থার একাংশকে নিশানা করে অভিষেকের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনায় তাঁকে শো-কজ করেছে হাই কোর্ট। তবে তাতেও নিজের অবস্থান থেকে সরেননি ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর দাবি, তিনি কোনও অযৌক্তিক মন্তব্য করেননি। বৃহস্পতিবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের গাড়িতে হামলার ঘটনার পরেও বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক।

শুক্রবার ডিজে মামলার শুনানিতে সেই প্রসঙ্গ তুলে অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধিতে আপত্তি জানায় রাজ্য। রাজ্যের আইনজীবীর প্রশ্ন, যিনি বিচারব্যবস্থাকেই কাঠগড়ায় তুলছেন, তাঁকে আদালত কেন রক্ষাকবচ দেবে? পাল্টা বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যের সঙ্গে অন্য মামলায় তাঁর রক্ষাকবচের কোনও সম্পর্ক নেই। তবে রাজ্যের আইনজীবীর পাল্টা প্রশ্ন, যিনি আদালতের সমালোচনা করছেন, তিনিই আবার সেই আদালতে এসে রক্ষাকবচ চাইছেন কীভাবে? এই প্রশ্নকে কেন্দ্র করেই শুনানিতে উত্তেজনা বাড়ে।

এ দিন অভিষেকের ধারাবাহিকভাবে বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করার কারণও জানতে চান বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, ডায়মন্ড হারবারের সাংসদের বক্তব্য কষ্টদায়ক। শুনানির সময় অভিষেকের আইনজীবীকেও ভর্ৎসনা করেন বিচারপতি। তবে রাজ্যের আপত্তি ও দীর্ঘ বাদানুবাদ সত্ত্বেও ডিজে বাজানোর হুঁশিয়ারি সংক্রান্ত মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে হাই কোর্ট। ফলে আপাতত স্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *