খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
রাজ্য

বিএসএফের কাছে ক্ষমাপ্রার্থনা শুভেন্দুর! ২০২৭ থেকে চালু ‘সীমান্ত মিত্র’ পুরস্কার, সীমান্তে নতুন থানা তৈরির ঘোষণা

Arunima karmakar ·

দীপাবলির আবহে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে গিয়ে জওয়ানদের দীপাবলির শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি পূর্বতন সরকারের আমলে বিএসএফের সঙ্গে যে আচরণ করা হয়েছিল, তার জন্য ক্ষমাও প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই সীমান্ত সুরক্ষা জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। সীমান্তবর্তী এলাকায় নতুন থানা তৈরির পাশাপাশি ২০২৭ সাল থেকে বিএসএফের কৃতী জওয়ানদের জন্য চালু হতে চলেছে বিশেষ ‘সীমান্ত মিত্র’ পুরস্কার।

এদিন কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের মিষ্টিমুখ করান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা।

বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের তরফে এবং মুখ্যমন্ত্রী হিসেবে তিনি হৃদয় থেকে বিএসএফের সমস্ত জওয়ানকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছেন। একইসঙ্গে পূর্বতন সরকারের আমলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যে আচরণ করা হয়েছিল, তার জন্য ক্ষমা চান তিনি। সীমান্তে প্রতিকূল পরিস্থিতির মধ্যে পরিবার-পরিজন থেকে দূরে থেকে যেভাবে জওয়ানরা দেশের নিরাপত্তা নিশ্চিত করেন, তার প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।

আগের সরকারের আমলে বিএসএফ ও সিআরপিএফের মতো কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে অসম্মানজনক মন্তব্যের প্রসঙ্গও তোলেন তিনি। তবে অতীতের ঘটনা ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে স্বামী বিবেকানন্দের ‘চরৈবেতি’ মন্ত্রের উল্লেখ করেন।

সীমান্ত সুরক্ষার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তার পরিকাঠামো গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জমি পাওয়া নিয়ে সমস্যা রয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও সমস্যার সম্পূর্ণ সমাধান হয়নি। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ও বিএসএফের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর উপর জোর দেন তিনি।

হিঙ্গলগঞ্জের মঞ্চ থেকেই সীমান্তবর্তী এলাকায় নতুন থানা তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিএসএফের আইজির তরফে আসা দুটি প্রস্তাবও বিবেচনা করে দেখার আশ্বাস দেন তিনি। ইতিমধ্যেই রাজ্য সরকার ও বিএসএফের মধ্যে সমন্বয় বৈঠক হয়েছে বলেও জানান।

অনুপ্রবেশের প্রশ্নেও কড়া অবস্থানের কথা জানান মুখ্যমন্ত্রী। অবৈধভাবে যাঁরা সীমান্ত পেরিয়ে এ দেশে প্রবেশ করেছেন, তাঁদের যে পথে প্রবেশ, সেই পথেই ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি মাদক পাচার-সহ অন্যান্য বেআইনি কার্যকলাপ রুখতে বিএসএফ ও রাজ্য পুলিশের যৌথ নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

এদিন নেশামুক্তি অভিযানে বিএসএফের ভূমিকারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অবদানের কথা উল্লেখ করেন। সীমান্তে দায়িত্ব পালনকারী জওয়ানদের কাজের স্বীকৃতি দিতেই ২০২৭ সাল থেকে ‘সীমান্ত মিত্র’ পুরস্কার চালু করা হবে বলে ঘোষণা করেন তিনি। আগামী দিনে সীমান্ত সুরক্ষায় বিএসএফের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *