খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
কলকাতা

জন্মদিনে কালীঘাটে তুলকালাম! অভিষেকের বাড়ি-অফিসে হামলার অভিযোগ, উল্টে সাংসদের নামেই এফআইআর পুলিশের

Arunima karmakar ·

ক্ষমতা হারানোর পর প্রথম জন্মদিনেই নজিরবিহীন উত্তেজনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে। চেনা জন্মদিনের উদযাপন মুহূর্তে বদলে গেল রাজনৈতিক সংঘাতের ছবিতে। রাত ১২টার পর থেকেই সাংসদের বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন তাঁর অনুগামীরা। কেক, ফোম, আতসবাজি নিয়ে চলছিল জন্মদিন উদযাপন। কিন্তু রাত বাড়তেই পাল্টা জমায়েতকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওঠে ‘চোর চোর’ স্লোগান। দু’পক্ষের মধ্যে সংঘাত চলে ভোর পর্যন্ত। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গেও বচসায় জড়ান অভিষেক। এমনকী কালীঘাট থানার ওসির সঙ্গে তাঁর মুখোমুখি তর্কাতর্কিও হয়।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ২টো থেকে সাড়ে ৩টে পর্যন্ত অভিষেকের জন্মদিন উপলক্ষে এলাকায় তৃণমূল কর্মীদের জমায়েত ছিল। সেই সময় তৃণমূল কর্মী ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, রাত ২টো নাগাদ অভিষেকের বাড়ি ও অফিসে হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন পুলিশকর্মীও আক্রান্ত হন। পুলিশকে মারধরের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিষেকের দাবি, ধৃতরা বিজেপি সমর্থক। এই ঘটনায় এখনও পর্যন্ত কালীঘাট থানায় মোট চারটি এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে পুলিশের স্বতঃপ্রণোদিত হয়ে দায়ের করা একটি মামলায় নাম রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।

অন্যদিকে, অভিষেকের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় এক বিজেপি সমর্থকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পাশাপাশি বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিষেক-সহ বেশ কয়েকজনের নামেও এফআইআর হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ জন্মদিনের রাতে সংঘর্ষের ঘটনায় একাধিক অভিযোগের মুখে পড়েছে দু’পক্ষই।

অভিষেকের অভিযোগ, দু’দিন ধরে এলাকায় রেইকি করার পর একদল ব্যক্তি তাঁর বাড়ি ও অফিসে হামলা চালিয়েছে। এই ঘটনার পিছনে বিজেপির গুন্ডারা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শনিবার দুপুর ১টা নাগাদ অভিষেকের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে হ্যান্ড মাইক হাতে নিয়ে একাধিকবার রাজনৈতিক আক্রমণ শানান তিনি। সব মিলিয়ে জন্মদিনের উদযাপন ঘিরে কালীঘাটে রাজনৈতিক উত্তেজনা চরমে। আর সেই সংঘর্ষের ঘটনায় এ বার পুলিশের এফআইআরে নাম জড়াল খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *