গড়িয়ায় লিভ-ইন সম্পর্কের ভয়াবহ পরিণতি! ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল ২৫ বছরের এক যুবকের। শনিবার রাতে গড়িয়ার ফর্তাবাদ এলাকার একটি ফ্ল্যাটে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকের নাম সার্থক সরকার। তাঁর বাড়ি বারাসতে। এই ঘটনায় খুনের অভিযোগে তাঁর লিভ-ইন পার্টনার সঞ্চালিকা বসু এবং সঞ্চালিকার মা মৌমিতা বসুকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফর্তাবাদের ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন সার্থক ও সঞ্চালিকা। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন। শনিবার রাতে কোনও বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই অশান্তির মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে সার্থকের কাঁধে কোপ মারেন সঞ্চালিকা। তাঁদের চিৎকার ও বচসার আওয়াজ শুনে স্থানীয়রা ফ্ল্যাটে পৌঁছন। সেখানে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় সার্থককে পড়ে থাকতে দেখেন তাঁরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনায় সঞ্চালিকার পাশাপাশি তাঁর মা মৌমিতা বসুকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, যুবককে খুনের ঘটনায় সঞ্চালিকার মায়েরও ভূমিকা থাকতে পারে। কী কারণে দু’জনের মধ্যে অশান্তি বাধল, খুনের ঘটনায় সঞ্চালিকার মায়ের ঠিক কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

