খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
দেশ

৪৭ বছরের ইতিহাসে নজির! মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে দেশ জয়ী, দীপাবলিতে বস্তর থেকে বড় ঘোষণা মোদীর

Arunima karmakar ·

দীর্ঘ কয়েক দশকের নকশাল ও মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশ ঐতিহাসিক জয় পেয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলির দিন ছত্তীসগড়ের মাওবাদী অধ্যুষিত বস্তর সফরে গিয়ে এই সাফল্যের জন্য কেন্দ্রীয় সরকারের নীতি এবং নিরাপত্তা বাহিনীর সাহস ও নিষ্ঠাকে কৃতিত্ব দেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, গত এক বছরে কর্তব্যরত অবস্থায় কোনও সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়নি। গত ৪৭ বছরের ইতিহাসে যা নজিরবিহীন।

দীপাবলিতে বস্তরে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে উৎসবে শামিল হয়ে মোদী বলেন, ২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন এসেছে। নকশাল ও মাওবাদী সন্ত্রাসের মোকাবিলায় সরকার রাজনৈতিক সদিচ্ছা, সুপরিকল্পিত কৌশল এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। তাঁর কথায়, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে অভ্যন্তরীণ শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি। অতীতে সেই সদিচ্ছার অভাব ছিল বলেও পূর্ববর্তী সরকারগুলিকে নিশানা করেন তিনি।

বিগত দিনের পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একসময় মাওবাদীদের হামলায় যত না সশস্ত্র বিদ্রোহীর মৃত্যু হত, তার তুলনায় অনেক বেশি প্রাণ যেত নিরাপত্তা কর্মীদের। কিন্তু গত এক বছরে কর্তব্যরত অবস্থায় কোনও সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়নি। সরকারের কার্যকর নীতি এবং জওয়ানদের সাহসিকতা ও সংযমের ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।

২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত কেন্দ্রের পূর্ববর্তী সরকারগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মোদী। তাঁর অভিযোগ, সেই সময় নকশাল সমস্যাকে কার্যত নিরাময় অযোগ্য ব্যাধি হিসেবে ধরে নিয়ে মোকাবিলার পরিবর্তে এড়িয়ে যাওয়া হয়েছিল। মাওবাদীরা সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানোর পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থাকেও বিপন্ন করেছিল। কোনও কোনও বছরে হামলার সংখ্যা প্রায় দু’হাজারে পৌঁছেছিল। ২০১০ সালে ছত্তীসগড়ের দাঁতেওয়াড়ায় মাওবাদী হামলায় ৭৬ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু এবং অন্য একটি ঘটনায় ৪৪ জন সাধারণ নাগরিকের প্রাণহানির ঘটনাও স্মরণ করান প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ওই দশকে শুধুমাত্র ছত্তীসগড়েই এক হাজারের বেশি নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছিলেন।

এবারের দীপাবলিকে তাই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, এই প্রথম দেশের প্রতিটি জেলা নকশাল ও মাওবাদী আতঙ্ক থেকে সম্পূর্ণ মুক্ত। ফলে দেশের কোটি কোটি মানুষ নির্ভয়ে উৎসব পালন করতে পারছেন। ১৪০ কোটি দেশবাসীর হয়ে নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগ ও নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানাতেই বস্তরে এসেছেন তিনি। আন্তর্জাতিক সীমান্তে দেশের সুরক্ষায় নিয়োজিত সেনাদের মতোই অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় কর্মরত জওয়ানদের ভূমিকাও জাতীয় অখণ্ডতা বজায় রাখার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *