আরজি কর (RG Kar Case) কাণ্ডে ফের নতুন মোড়। প্রমাণ ও নথি নষ্টের অভিযোগের তদন্তে সিবিআইয়ের (CBI) জমা দেওয়া রিপোর্টে সন্তুষ্ট নয় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। তদন্তে তথ্য সংগ্রহ অসম্পূর্ণ বলে মনে করছে আদালত। তাই এই সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে।
শুক্রবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, ২০২৪ সালের ১৪ অগস্ট রাতে আরজি কর হাসপাতালে প্রমাণ ও নথি নষ্টের অভিযোগের ভিত্তিতে সিবিআই কী কী পদক্ষেপ করেছে, তা আদালত জানতে চায়। অন্য দিকে, বিচারপতি শম্পা সরকার জানান, আদালত শুধু নির্যাতিতার মা-বাবার অভিযোগই নয়, প্রমাণ লোপাটের বিষয়টিও বিস্তারিতভাবে খতিয়ে দেখতে চায়।
সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্টে প্রয়োজনীয় তথ্যের অভাব রয়েছে বলে পর্যবেক্ষণ আদালতের। তাই তদন্তের অগ্রগতি এবং প্রমাণ নষ্টের অভিযোগের বিষয়ে আরও বিশদে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্যাতিতার পরিবারের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহরায় জানান, আগামী ১১ ডিসেম্বর মামলাটি ফের শুনানির জন্য উঠবে। তাঁদের বক্তব্য, ২০২৪ সালের ৯ অগস্ট থেকে আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে ওঠা সমস্ত অভিযোগই সিবিআইকে তদন্তের আওতায় এনে খতিয়ে দেখতে বলেছে আদালত।

