কসবার (Kasba) একটি বাড়িতে চুরির ঘটনায় কলকাতা পুলিশের (Kolkata Policel এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে (Civic Volunteer) গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। ধৃতের নাম প্রিয়ঙ্কা পাঁজা ওরফে চুমকি। পুলিশ সূত্রে খবর, তিনি লালবাজারের (Lalbazar) বিল্ডিং বিভাগে কর্মরত ছিলেন। তাঁর কাছ থেকে চুরি যাওয়া গয়না উদ্ধার হয়েছে। তবে নগদ তিন হাজার টাকার কোনও হদিস মেলেনি।
গত ১৬ তারিখে কসবা এলাকার একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ি থেকে বেশ কিছু গয়নার পাশাপাশি নগদ তিন হাজার টাকা চুরি যায়। এই ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু করে পুলিশ। বাড়ির আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন একটি স্কুটি নিয়ে ওই বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায় প্রিয়ঙ্কাকে। সিসিটিভি ফুটেজে স্কুটিটি চিহ্নিত করার সূত্র ধরেই তাঁর নাম সামনে আসে। এরপর তাঁকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জেরায় চুরির কথা স্বীকার করেছেন প্রিয়ঙ্কা।
ধৃতের কাছ থেকে চুরি যাওয়া গয়না উদ্ধার হলেও নগদ টাকা উদ্ধার করা যায়নি। জেরায় ওই টাকা খরচ করে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি, এমনটাই দাবি পুলিশের। তদন্তকারীদের আরও দাবি, স্কুটি নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ফাঁকা বাড়ির সন্ধান করতেন প্রিয়ঙ্কা। সুযোগ বুঝে চুরি করতেন বলে অভিযোগ। এর আগে অন্য কোথাও তিনি চুরির ঘটনায় জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুক্রবার ধৃতকে আদালতে হাজির করানো হবে।

