চোরবাগান (Chorbagan) দুর্গাপুজোর (Durga Puja) মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর (Death) ঘটনায় তদন্তে আরও এক ধাপ এগোল কলকাতা পুলিশ (Kolkata Police)। মণ্ডপ ভেঙে পড়ার ঘোষণা কে করেছিলেন, তা নিশ্চিত করতে দুই অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হল। অভিযুক্ত কুশল মজুমদার ওরফে কালিয়া এবং সঞ্জীব রাহা ওরফে সেন্টুর কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফরেনসিক বিশেষজ্ঞরা জেলে গিয়ে এই নমুনা সংগ্রহ করেন। তদন্তকারীদের ধারণা, ওই দুই অভিযুক্তের কণ্ঠস্বরের সঙ্গে মাইকে করা ঘোষণার রেকর্ডিং মিলিয়ে দেখলে ঘটনার গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে।
ঘটনার সূত্রপাত দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যায়। চোরবাগানের মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়। সেই সময় মাইকে ঘোষণা করা হয়েছিল, ‘‘মণ্ডপ ভেঙে যাচ্ছে!’’ পুলিশের অনুমান, এই ঘোষণা থেকেই দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কে বা কারা ওই ঘোষণা করেছিলেন, তা জানতে তদন্ত শুরু হয়। সন্দেহের ভিত্তিতে প্রথমে সঞ্জীব রাহাকে এবং পরে কুশল মজুমদারকে গ্রেফতার করে পুলিশ। পুজো কমিটির কোষাধ্যক্ষ সঞ্জীবই ঘোষণার মূল দায়িত্বে ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার পর তিনি পালিয়ে যান। পরে নদিয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এমনকি তাঁকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করান তদন্তকারীরা।
অন্যদিকে, গ্রেফতারির খবর প্রকাশ্যে আসার পর কুশলের ফেসবুক হ্যান্ডল থেকে একাধিক পোস্ট করা হয়েছিল। সেখানে হাতে লেখা একটি নোটের ছবিও প্রকাশ করা হয়। কুশলের দাবি ছিল, পুলিশের এক আধিকারিকের নির্দেশেই সম্ভাব্য দুর্ঘটনার কথা জানিয়ে দর্শনার্থীদের মণ্ডপ থেকে সরে যেতে বলেছিলেন তিনি। কোন পরিস্থিতিতে ওই ঘোষণা করা হয়েছিল, তা নিয়ে পুলিশের কাছে নিজের বক্তব্যও জানিয়েছেন কুশল। বিশেষ তদন্তকারী দল বা সিট তাঁর বক্তব্য শুনেছে।
লালবাজার সূত্রে খবর, দুর্ঘটনার আগে সঞ্জীব ওরফে সেন্টু কুশল ওরফে কালিয়াকে জানিয়েছিলেন যে তিনি ‘ভিতরে যাচ্ছেন’। অর্থাৎ, পুজো কমিটির সদস্যদের বসার জায়গায় যাচ্ছেন বলে জানিয়েছিলেন। এরপর কালিয়া ঘোষকের দায়িত্ব সামলান। তবে দুর্ঘটনার ঠিক আগে তাঁর ঘোষণা এবং পদপিষ্ট হওয়ার ঘটনার মধ্যে কতটা যোগসূত্র রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মণ্ডপের সিসিটিভি ফুটেজ। চোরবাগান মণ্ডপে মোট ৩০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। পুলিশ দু’টি ডিভিআর বাজেয়াপ্ত করে। একটি ডিভিআরে ১৪টি এবং অন্যটিতে ১৬টি ক্যামেরার ফুটেজ থাকার কথা। কিন্তু সূত্রের খবর, তার মধ্যে একটি ডিভিআর থেকে মাত্র ১৩টি ক্যামেরার ফুটেজ পাওয়া গিয়েছে। বাকি ফুটেজের হদিস মেলেনি। সেই ফুটেজের ঘাটতি এবং ঘোষণার সময় নির্ধারণ করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও অনেকে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন সঞ্জীব রাহা ও কুশল মজুমদার। এবার তাঁদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ঘোষণার উৎস ও ঘটনার সঙ্গে তার যোগসূত্র খুঁজতে চাইছেন তদন্তকারীরা।

