খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
SaturdayNovember 21, 2026
নজরে এখন ✦‘গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন’, ৭৫ বছরে ভারতের বদলের খতিয়ান মোদীর, নিশানায় বাম আমলের শিল্পনীতি · জেলেই সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের অনুমতি · Google’s $5 Million Boost For IIT Kharagpur’s AI Future
আন্তর্জাতিক

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল বাংলাদেশ, ঢাকা-ময়মনসিংহ সড়কে আগুন পুলিশের গাড়িতে

Arunima karmakar ·

বাংলাদেশে (Bangladesh) ফের অশান্তির (Turmoil) আবহ। এক দিকে টুঙ্গিপাড়ায় আওয়ামি লিগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা, অন্য দিকে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পথে নামলেন পোশাক শ্রমিকরা। বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গার্মেন্টস কর্মীরা। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে গাজিপুরের শিল্পাঞ্চলে।

বাংলাদেশ পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গাজিপুরের মালেকের বাড়ি এলাকায় একাধিক পোশাক তৈরির কারখানা রয়েছে। সেখানে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ আচমকাই কাজ বন্ধ করে রাস্তায় নেমে পড়েন তাঁরা। ঢাকা-ময়মনসিংহ জাতীয় সড়ক অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। এর জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শ্রমিকদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করা হলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, একজোট হয়ে পুলিশকে তাড়া করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। প্রথমে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে ফের সংগঠিত হয়ে পুলিশের দিকে এগিয়ে যান। সেই সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। নাওজোড় ও বাংলা বাজার-সহ শিল্পাঞ্চলের একাধিক জায়গাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

গাজিপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মহম্মদ আমজাদ হোসেইন জানিয়েছেন, সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

অন্য দিকে, মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগের ঘটনার পর বুধবারও থমথমে গোপালগঞ্জের পরিস্থিতি। বিএনপির সাংসদ এসএম জিলানির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামি লিগের কর্মীদের বিরুদ্ধে। পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয়েছে একাধিক বাস।

উল্লেখ্য, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন বলে জল্পনা ছড়ানোর পর থেকেই রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। রবিবার গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভিটে টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিসৌধে শ্রদ্ধা জানান আওয়ামি লিগের নেতা-কর্মীরা। সেখান থেকেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তাঁরা। তার পরেই গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও গাজিপুর-সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা সামনে আসছে। সব মিলিয়ে নতুন করে অস্থিরতার মুখে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *