খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
রাজ্য

জনস্রোত চন্দননগরে! ভিড় সামলাতে একাধিক মণ্ডপে সাময়িক দর্শন বন্ধ, নিরাপত্তায় বাড়তি পুলিশ

Arunima karmakar ·

পঞ্চমী থেকেই চন্দননগরের (Chandannagar) জগদ্ধাত্রীপুজোকে (Jagadhrati Puja) ঘিরে বাড়তে শুরু করেছে দর্শনার্থীদের ভিড়। ষষ্ঠীর সন্ধ্যায় সেই ভিড় কার্যত জনস্রোতের চেহারা নেয়। মানকুণ্ডু (Mankundu) স্টেশন রোড এলাকায় উপচে পড়া ভিড় সামাল দিতে সাময়িকভাবে একাধিক পুজোমণ্ডপে দর্শন বন্ধ রাখতে বাধ্য হয় পুলিশ। দুর্ঘটনা এড়াতে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজোতেও সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের দর্শনের অনুমতি দেওয়া হয়। প্রশাসনের দাবি, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরবাগানের মতো দুর্ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই এই সতর্কতামূলক পদক্ষেপ।

অতিরিক্ত ভিড়ের জেরে মানকুণ্ডু সার্কাস মাঠ সংলগ্ন পুজোমণ্ডপেও সাময়িকভাবে প্রবেশ বন্ধ রাখতে হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পুজোর উদ্বোধন করেছেন। অযোধ্যানগরীর আদলে তৈরি বিশাল মণ্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড় ক্রমশ বাড়ছে। মানকুণ্ডু স্টেশন রোডের অন্যান্য পুজোতেও একই ছবি। সার্কাস মাঠ পুজো কমিটির সম্পাদক জয়ন্ত সরকার জানান, পরিস্থিতি সামাল দিতে সোমবার আরও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফের দর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হতে পারে। কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক শুভজিৎ সাউয়ের দাবি, এ বার দর্শনার্থীদের ভিড় অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

চন্দননগরের জগদ্ধাত্রীপুজো সম্প্রতি রাজ্য উৎসবের স্বীকৃতি পেয়েছে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে ভিড় আরও বাড়ার আশঙ্কায় সতর্ক প্রশাসন। পুজোর নিরাপত্তায় প্রায় তিন হাজার পুলিশকর্মী ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। চন্দননগর ও মানকুণ্ডু স্টেশন রোডের অধিক ভিড়প্রবণ মণ্ডপগুলিতে থাকছে অতিরিক্ত পুলিশি নজরদারি। পাশাপাশি যান নিয়ন্ত্রণেও একাধিক পদক্ষেপ করা হয়েছে। চন্দননগরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে দুপুর ২টো থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত নো-এন্ট্রি চালু রয়েছে। চুঁচুড়ার খাদিনা মোড় থেকে বৈদ্যবাটীর মঞ্জুশ্রী পর্যন্ত এলাকায় উপযুক্ত পাস ছাড়া কোনও গাড়ি বা মোটরবাইক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এদিকে, যান নিয়ন্ত্রণ ও পুলিশের চেকিং ঘিরে কয়েক জায়গায় উত্তেজনা ছড়ায়। চন্দননগর ট্রাফিক পুলিশের আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কয়েক জন বাইক আরোহী। পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দু’জনকে আটক করেছে চন্দননগর থানার পুলিশ। আটক করা হয়েছে কয়েকটি বাইক ও গাড়িও। সব মিলিয়ে উৎসবের বাকি দিনগুলিতে বিপুল জনসমাগম সামলানো এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রশাসন ও পুজো উদ্যোক্তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *