‘ডিজে মামলায়’ অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে সোমবার ফের কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Sougata Bhattacharya) এজলাসে তাঁর আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এই আর্জি জানান। তবে রক্ষাকবচের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আদালতের দৃষ্টি আকর্ষণ করায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। শেষ পর্যন্ত আগামী শুক্রবার মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
আদালত সূত্রে জানা গিয়েছে, গত ৬ নভেম্বর পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। কিন্তু সেই মেয়াদ উত্তীর্ণ হওয়ার দশ দিন পর, ১৬ নভেম্বর বিষয়টি বিচারপতির নজরে আনা হয়। পুজোর অবকাশকালীন বিশেষ বেঞ্চে কেন সময়মতো আবেদন জানানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি ভট্টাচার্য। জবাবে সাংসদের আইনজীবী জানান, একাধিক মামলার ব্যস্ততার কারণে অনিচ্ছাকৃতভাবে এই বিষয়টিতে নজর দেওয়া সম্ভব হয়নি। শুরুতে বিচারপতি ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে শুনানির ইঙ্গিত দিলেও, আইনজীবীর বিশেষ অনুরোধে আগামী শুক্রবার শুনানিতে সম্মত হন।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর গত ১৫ মে বিধাননগর সাইবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ দায়ের হয়েছিল। নির্বাচনী প্রচারে ফলপ্রকাশের পর জোরে ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে আপত্তিকর বক্তব্য রাখার অভিযোগের প্রেক্ষিতেই এই মামলাটি রুজু হয়, যা ‘ডিজে মামলা’ হিসেবে পরিচিত। এর আগে এই মামলায় আদালত অভিষেককে কণ্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি ৬ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল। এবার সেই রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির আবেদন ঘিরে নতুন করে আইনি তৎপরতা শুরু হলো।

