খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
আবহাওয়া

শক্তি বাড়িয়ে অতি তীব্র ঘূর্ণিঝড় ‘আকভান’, শুক্রবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা, বৃষ্টির সতর্কতা বাংলাতেও

Arunima karmakar ·

বঙ্গোপসাগরে (Bay of Bengal) ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ (Akvan)। দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া অতি-গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গত ছ’ঘণ্টায় ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে সেটি। আবহাওয়া দফতরের (weather Update) পূর্বাভাস, আগামী দু’দিনে শক্তি বাড়িয়ে প্রথমে তীব্র এবং পরে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ‘আকভান’। আগামী শুক্রবার দুপুরে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে মৌসম ভবন।

বর্তমানে ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার পূর্বে, শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ৬৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছে। এ ছাড়া অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং বিশাখাপত্তনম থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে রয়েছে সেটি। ওড়িশার গোপালপুর থেকে দূরত্ব প্রায় ৭৯০ কিলোমিটার।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ‘আকভান’। বৃহস্পতিবার সকালে তা অতি তীব্র ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শুক্রবার দুপুরে নেল্লোর ও তুনির মধ্যবর্তী এলাকা দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলাতেও। মঙ্গলবার রাজ্যের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বুধবার সকাল পর্যন্ত আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার দু’-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের দু’-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা।

শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু’-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সতর্কতাও রয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির দু’-এক জায়গায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস।

কলকাতায় বুধবার সকাল পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশ কখনও আংশিক মেঘলা থাকতে পারে। সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ বজায় থাকলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি বেশি। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫২ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *