পানিহাটিতে (Panihati) ফের অশান্তির অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। বাজারের গোলমাল থামাতে গিয়ে আক্রান্ত হয়ে অরূপ সাহার মৃত্যুর (Death) অভিযোগ উঠেছে। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়ে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান তিনি। এরপর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হস্তক্ষেপ দাবি করেছেন পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ (Ratna Debnath)।
বিধায়িকার দাবি, রুমা নামে এক মহিলা বাজারে গোলমাল থামাতে গেলে তাঁকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। বাড়ি ফিরে স্বামী অরূপ সাহাকে বিষয়টি জানান তিনি। এরপর অরূপ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। সেই সময় তাঁকে বুকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় বিজেপির যুব সভাপতি রাজদীপ-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিধায়িকা। ১৪ নম্বর ওয়ার্ডের ননী নামে এক ব্যক্তির নামও সামনে এনেছেন তিনি।
তবে শুধু এই ঘটনাই নয়, দলের অন্দরেও ক্ষোভ উগরে দিয়েছেন রত্না দেবনাথ। জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধে সরব হয়ে তাঁর অভিযোগ, প্রতিটি ওয়ার্ডে কনভেনার নিয়োগ করে দলের মধ্যে সমন্বয়ের অভাব তৈরি করা হচ্ছে। তৃণমূল থেকে আসা ব্যক্তিরাই দলে বেশি গুরুত্ব পাচ্ছেন বলেও দাবি তাঁর। এমনকী, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হচ্ছে না বলে অভিযোগ বিধায়িকার।
পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রত্না দেবনাথের বক্তব্য, অপরাধী যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে। ইতিমধ্যেই বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। রুমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন পানিহাটির বিধায়িকা।

