ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক গোলযোগ। যার জেরে রবিবার সকালে পুনে (Pune) বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হল ইন্ডিগোর (IndiGo Flight) একটি বিমান। বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট ১৯২ জন ছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ল্যান্ডিং গিয়ার গোটাতে না পারার কারণেই এই বিপত্তি।
বিমানবন্দর সূত্রে খবর, রবিবার সকাল ৭টা ১৭ মিনিটে পুনে থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা দেয় ইন্ডিগোর 6E 0623 (VT-IZE) বিমানটি। কিন্তু ওড়ার পরেই দেখা যায়, বিমানের ল্যান্ডিং গিয়ার কোনও ভাবেই গোটানো যাচ্ছে না। বিপজ্জনক ভাবে সেটি বাইরে বেরিয়ে ছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-কে বিষয়টি জানান পাইলট। এরপরেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমানটির নিরাপদ অবতরণের জন্য সঙ্গে সঙ্গে পুনে বিমানবন্দরে ‘ফুল ইমার্জেন্সি’ ঘোষণা করা হয়। সতর্ক করে রাখা হয় দমকল, অ্যাম্বুল্যান্স এবং অন্যান্য জরুরি পরিষেবার কর্মীদের। অবতরণের আগে ল্যান্ডিং গিয়ারের অবস্থা খতিয়ে দেখতে রানওয়ের খুব নিচ দিয়ে একবার উড়ে যায় বিমানটি। প্রয়োজনীয় পর্যবেক্ষণের পর শেষ পর্যন্ত নিরাপদেই অবতরণ করে সেটি। পরে বিমানটিকে ৭ নম্বর বে-তে নিয়ে যাওয়া হয়।
এদিকে, আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প বিমানের ব্যবস্থা করছে ইন্ডিগো। সেই উদ্দেশ্যে বেঙ্গালুরু থেকে একটি বিমান পুনেতে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গোটা পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দর কর্তৃপক্ষ, এটিসি, বিমান সংস্থা এবং জরুরি পরিষেবার মধ্যে দ্রুত সমন্বয় রাখা হয়েছিল। নির্ধারিত নিরাপত্তাবিধি মেনেই সম্পন্ন হয়েছে জরুরি অবতরণের প্রক্রিয়া। যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

