সিকিমে (Sikkim) ভারত-চিন (India-Chaina) সীমান্তে রহস্যময় একটি বিমানের গতিবিধি ঘিরে বাড়ছে উদ্বেগ। সূত্রের খবর, গত ১২ নভেম্বর চিনের দিক থেকে ভারতের আকাশসীমায় ঢুকে অন্তত ২০ থেকে ২৫ মিনিট চক্কর কাটে একটি বিমান। ভারতীয় বায়ুসেনার তরফে বারবার সতর্কবার্তা পাঠানো হলেও বিমানটি সঙ্গে সঙ্গে সরে যায়নি বলে দাবি। সেটি কার বিমান, কী উদ্দেশ্যে ভারতের আকাশসীমায় ঢুকেছিল, তা এখনও স্পষ্ট নয়। যদিও এই বিষয়ে বায়ুসেনার তরফে সরকারি ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি, একাধিক সেনা সূত্র ঘটনাটির কথা জানিয়েছে।
সেনা সূত্রের দাবি, প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় উড়ছিল বিমানটি। সকাল ৮টা নাগাদ বায়ুসেনার রেডারে প্রথম সেটির গতিবিধি ধরা পড়ে। এরপর একাধিকবার রেডিয়ো বার্তা পাঠিয়ে বিমানটিকে অবিলম্বে ভারতের আকাশসীমা ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু অভিযোগ, সেই সতর্কবার্তা উপেক্ষা করেই আরও বেশ কিছুক্ষণ ভারতীয় আকাশে চক্কর কাটে সেটি। স্থানীয়দের একাংশের দাবি, বিমানটি চিনের সামরিক বাহিনীর হতে পারে। সামরিক নজরদারি বিমান হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। যদিও এই দাবির স্বপক্ষে এখনও কোনও নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক সূত্র উল্লেখ করে প্রথম এই খবর প্রকাশ করে।
ঘটনার গুরুত্ব আরও বাড়িয়েছে বিমানটির অবস্থান। সেনা সূত্রের দাবি, যে এলাকায় বিমানটির গতিবিধি ধরা পড়েছে, সেখান থেকে কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের উপর নজরদারি চালানো সম্ভব। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের অন্যতম প্রধান সংযোগপথ এই করিডর। ফলে বিষয়টি শুধুমাত্র আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে সীমাবদ্ধ থাকছে না। পূর্বাঞ্চলের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকেও ঘটনাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর সিকিমে ভারতীয় সেনার সঙ্গে দীপাবলি উদ্যাপন করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেখানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান, পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার-সহ বাহিনীর একাধিক শীর্ষ আধিকারিক। তার আগের দিনই শিলিগুড়িতে বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী। এর মাত্র তিন দিনের মাথায় চিন সীমান্তে রহস্যময় বিমানের গতিবিধি ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
তবে ২০ থেকে ২৫ মিনিট ধরে কোনও সন্দেহজনক বিমান ভারতের আকাশসীমায় চক্কর কাটল, এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন বায়ুসেনা কর্তাদের একাংশ। তাঁদের বক্তব্য, কোনও বিমান অল্প সময়ের জন্য ভারতীয় আকাশসীমায় ঢুকে থাকতে পারে। কিন্তু এতক্ষণ ধরে সেটি অবস্থান করলে হাসিমারা-সহ একাধিক বায়ুসেনা ঘাঁটি থেকে যুদ্ধবিমান পাঠিয়ে সেটিকে আটকানো বা ঘিরে ফেলা সম্ভব ছিল। যদিও তাঁদের মতে, অনুপ্রবেশের সময়কাল কম হলেও বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক। ফলে সিকিম সীমান্তে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় প্রতিরক্ষা মহল।

