খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
রাজ্য

বিজেপিতে ‘অরাজকতা’ বরদাস্ত নয়, মণ্ডল সভাপতিদেরও ক্ষমতার সীমা মনে করালেন শমীক! রাজ্য সভাপতির বার্তার সমর্থনে সুকান্ত, দিলীপ, অগ্নিমিত্রা

Arunima karmakar ·

বিজেপিতে শৃঙ্খলা বজায় রাখা এবং দল ও সরকারের মধ্যে স্পষ্ট বিভাজন টানার বার্তা আগেই দিয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার বাগুইআটির দলীয় কর্মসূচি থেকে ফের একবার দলের নেতা-কর্মীদের সতর্ক করলেন তিনি। পুলিশ যেমন নিজেদের বিজেপির মণ্ডল সভাপতি ভাবতে পারে না, তেমনই কোনও মণ্ডল সভাপতিও নিজেকে পুলিশমন্ত্রী বা মুখ্যমন্ত্রী মনে করতে পারেন না। শুক্রবার কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার উদ্যোগে বাগুইআটির এন মণ্ডল স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে এমনই কড়া বার্তা দেন শমীক। তাঁর এই বক্তব্যকে ঘিরে বিজেপির অন্দরেও শুরু হয়েছে আলোচনা। রাজ্য সভাপতির বক্তব্যের সমর্থনে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

‘অরাজকতা চলতে দেওয়া যাবে না’

এদিন দলীয় কর্মীদের উদ্দেশে শমীক বলেন, “কিছু কিছু জায়গায় পুলিশ মনে করছে আমরা বিজেপির মণ্ডল সভাপতি। আবার কোনও কোনও মণ্ডল সভাপতি ভাবছেন, তিনিই যা বলবেন পুলিশ তাই শুনবে। ভাবছেন তিনিই পুলিশমন্ত্রী। তিনিই শুভেন্দু অধিকারী। দুটোর কোনওটাই হবে না। কোনওটাই বিজেপিতে গ্রাহ্য হবে না।”

দলের নামে কোনওরকম বিশৃঙ্খলা বা অরাজকতা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায়, “অরাজকতা চলতে দেওয়া যাবে না। একদম চিহ্নিত করুন। দলের রংকে, পতাকাকে যারা কলুষিত করতে চাইছে, তাদের বিরুদ্ধে থানায় এফআইআর করুন। পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী আছেন। আমাকে কাগজ দেবেন, আমি ঢুকিয়ে দেব।”

একইসঙ্গে বিজেপির ‘তৃণমূলীকরণ’ কোনওভাবেই হতে দেওয়া হবে না বলে ফের হুঁশিয়ারি দেন শমীক। তাঁর অভিযোগ, তৃণমূলের আমলে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের একাংশ এখন বিজেপির পতাকা ব্যবহার করে দলে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। শমীকের কথায়, “লুটেরারাই ঘুরে আসতে চাইছে বিজেপির পতাকা ধরে।”

শমীকের পাশে সুকান্ত, দিলীপ

রাজ্য সভাপতির এই বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “রাজ্য সভাপতি আগেই ঘোষণা করেছিলেন, এই তৃণমূলীকরণ ও অরাজকতা চলতে দেব না। এর বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, বহু লোক অ্যারেস্ট হয়েছে। এত দিনের ব্যাধি রাতারাতি চলে যাবে না। অভিযোগ আসলে কড়া ভাবে দেখা হবে।”

দল ও সরকারের মধ্যে পার্থক্যের বিষয়টি আরও স্পষ্ট করে দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “যদি কেউ মনে করে বিজেপিতে তৎক্ষণাৎ এসে ক্ষমতা দখল করা যায়, তাহলে বিজেপি এইভাবে চলে না। দল দলের মতো চলে, সরকার সরকারের মতো চলে। হয়তো কেউ আবেগের বশে করে ফেলতে পারেন, তবে আগামী দিনে এগুলো বরদাস্ত করা হবে না।”

‘যে যার নিজের দায়িত্ব পালন করি’

শমীকের বক্তব্যকে সমর্থন করে অগ্নিমিত্রা পালও বলেন, সংগঠনের দায়িত্বে থাকা ব্যক্তিদের নিজেদের ক্ষমতার সীমা বুঝতে হবে। তাঁর কথায়, “পুলিশরা যদি ভাবে যে তারা সংগঠনের সবকিছু এবং তারা মণ্ডল সভাপতি বা জেলা সভাপতি, সেটা ভাবাটাও যেমন খুব বাতুলতা, তেমনই আমার মণ্ডল সভাপতিরা যদি ভাবেন যে তাঁরা পুলিশমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে তার থেকে বেশি বোকামি আর কিছু হতে পারে না। আমার মনে হয়, আমরা যে যার নিজের দায়িত্বটা পালন করি।”

তিনি আরও বলেন, মণ্ডল সভাপতিদের সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্প ও পরিষেবা পৌঁছনোর বিষয়টিও দেখতে হবে। অন্যদিকে পুলিশের দায়িত্ব আইনশৃঙ্খলা বজায় রাখা। অগ্নিমিত্রার বক্তব্য, “পুলিশের ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, অ্যাপিজমেন্ট পলিটিক্স না করা, যেটা ১৫ বছর ধরে তারা করে এসেছে, সেগুলো ন্যায় প্রতিষ্ঠা করা, ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠা করা। যার যেটা কাজ, সে সেটা করবে।”

সব মিলিয়ে বিজেপির অন্দরে শৃঙ্খলা ফেরানো, দলীয় নেতা-কর্মীদের ক্ষমতার অপব্যবহার রোখা এবং প্রশাসনিক কাজে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার প্রশ্নে একই সুরে বার্তা দিলেন দলের রাজ্য সভাপতি থেকে শুরু করে একাধিক শীর্ষ নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *