অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে (Finale) পাকিস্তানকে (Pakistan) হারিয়ে গ্রুপ পর্বের হারের বদলা নিল ভারত (India)। একেবারে খাদের কিনারা থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে এক উইকেটে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া (Team India)। ভারতের এই রুদ্ধশ্বাস জয়ের নেপথ্যে মানাল চৌহান ও মোহিত উলভারের দুরন্ত ব্যাটিং। শেষ বলে চার মেরে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন মোহিত। এই নিয়ে নবমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের খেতাব জিতল ভারত।
শনিবার ওমানের আল-আমিরাতে ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে পাকিস্তান। শতরান করেন ওপেনার উসমান খান। ১০৬ বলে তাঁর সংগ্রহ ১০০ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে আব্দুল কাদির করেন ৮০ রান। উসমান ও কাদিরের দ্বিতীয় উইকেটের জুটিতে ওঠে ১৩৫ রান। মাত্র ৫৪ বলে ৮০ রানের ইনিংসে তিনটি চার ও আটটি ছক্কা মারেন কাদির। অধিনায়ক ফারহান ইউসুফের ব্যাট থেকে আসে ৬৩ রান। ভারতের হয়ে চার উইকেট নেন কাব্য পটেল। ৪০ রান দিয়ে তিন উইকেট পান চিগুরুপতি বেঙ্কট।
৩৩৮ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ করেনি ভারত। ওপেনার আর্যবীর ৫৮ রান করে ফিরে যান। লক্ষ্য রায়চন্দানিও ৮০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বিনীতের সঙ্গে তাঁর জুটি ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু দলের ১৪৬ রানের মাথায় বিনীত আউট হতেই শুরু হয় বিপর্যয়। একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। অর্জুন রাজপুত (১৬), যশবর্ধন চৌহান (৯), অন্বয় (১৯) এবং আরিয়ান সাবসানিও (৯) বড় রান করতে ব্যর্থ হন।
ভারতের অষ্টম উইকেট পড়ার সময় স্কোর ছিল ২৫২। অর্থাৎ জিততে তখনও প্রয়োজন ৮৬ রান। হাতে মাত্র দু’টি উইকেট। কার্যত ম্যাচ থেকে ভারতের আশা শেষ বলেই মনে হচ্ছিল। কিন্তু হার মানতে রাজি ছিলেন না মানাল ও মোহিত। শুরু হয় দুই ব্যাটারের পাল্টা আক্রমণ। পাকিস্তানের বোলারদের উপর চড়াও হয়ে ক্রমশ ম্যাচের রং বদলে দেন তাঁরা। ভারতের আস্কিং রেট একসময় ১০-এর উপরে চলে গেলেও দুই ব্যাটারের ব্যাটে তা আবার নিয়ন্ত্রণে আসে।
তবে জয়ের কাছাকাছি পৌঁছেও আউট হয়ে যান মানাল। তিনটি চার ও তিনটি ছক্কার সাহায্যে মাত্র ৩২ বলে ৪৭ রান করেন তিনি। তখনও জয়ের জন্য প্রয়োজন ৩০ রান। শেষ উইকেটের দিকে তাকিয়ে ফের চাপে পড়ে যায় ভারত। কিন্তু মোহিতের সঙ্গে হাল ধরেন একাদশতম ব্যাটার বেঙ্কট। শেষ পর্যন্ত পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন মোহিত। বেঙ্কট অপরাজিত থাকেন ১১ রানে। শেষ বলে চার মেরে ভারতকে অবিশ্বাস্য জয় এনে দেন মোহিত।
ম্যাচ জিততেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। মাঠে ছুটে এসে একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা। জাতীয় পতাকা নিয়ে শুরু হয় জয় উদ্যাপন। অন্যদিকে, শেষ মুহূর্তে নিশ্চিত জয় হাতছাড়া হওয়ায় হতাশ পাকিস্তান শিবির। গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে জয় পেলেও ফাইনালে শেষ হাসি হাসল টিম ইন্ডিয়া। প্রায় হারতে বসা ম্যাচে শেষ উইকেটের লড়াইয়ে নবমবারের জন্য এশিয়া কাপ ঘরে তুলল ভারতের অনূর্ধ্ব-১৯ দল।

