কালীপুজো (Kali Puja) ও ভাইফোঁটার (Bhaifota) উৎসব পর্ব শেষ। এবার কি রাজ্যে ফিরতে চলেছে শীতের আমেজ? আবহাওয়ার (Weather) পূর্বাভাস বলছে, ধীরে ধীরে বদলাচ্ছে পরিস্থিতি। রাজ্যজুড়ে কমছে বৃষ্টির (Rainfall) সম্ভাবনা। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গ (South Bengal) ও উত্তরবঙ্গের (North Bengal) অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। পাশাপাশি আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যায় শীতের হালকা আমেজ অনুভূত হবে। কলকাতা (Kolkata)-সহ সংলগ্ন এলাকাতেও আগামী কয়েক দিন মনোরম আবহাওয়া থাকার সম্ভাবনা।
সৃষ্টি হয়েছে নিম্নচাপ
তবে শীতের আমেজ ফেরার সম্ভাবনার মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এমনকি সপ্তাহান্তে তা গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। ভারতের মৌসম ভবনও শক্তিশালী নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে, বিভিন্ন আবহাওয়া মডেলে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছে। শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘আকভান’। এই নাম দিয়েছে ইরান। যদিও ঘূর্ণিঝড় তৈরির বিষয়টি এখনও নিশ্চিত নয়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকেই বৃষ্টির দাপট কমার সম্ভাবনা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আগামী দু’ থেকে তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যায় শীতের হালকা আমেজ মিলবে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও আবহাওয়া থাকবে মনোরম।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও আগামী কয়েক দিনে বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকেই দার্জিলিং-সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস। আকাশ মূলত পরিষ্কার থাকবে। সপ্তাহান্তে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া
কলকাতাতেও ক্রমশ কমছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শহরে শুষ্ক আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস। সকালের দিকে কুয়াশার প্রভাব বাড়তে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা আরও কিছুটা কমলে সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া উপভোগ করতে পারবেন শহরবাসী।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৭ শতাংশের মধ্যে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ৭.২ মিলিমিটার। অর্থাৎ, উৎসবের মরসুম শেষ হতেই ধীরে ধীরে শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যে। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপের গতিপ্রকৃতির দিকেও নজর রাখছেন আবহবিদরা।

