অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাটের (Kalighat) বাড়ির সামনের ফুটপাত দখলমুক্ত করতে বৃহস্পতিবার সকালে বুলডোজ়ার নিয়ে অভিযান চালাল কলকাতা পুরসভা (Kolkata Municipality) । ১২১, কালীঘাট রোডে (Kolkata Road) ডায়মন্ড হারবারের সাংসদের বাড়ির সামনে পৌঁছে পুরকর্মীরা ফুটপাতের উপর থাকা বাঁশের তৈরি অস্থায়ী ছাউনিটি ভেঙে ফেলেন। পরে সেই কাঠামোর বাঁশ ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে ফুটপাত পরিষ্কারের কাজ শুরু হয়। একই সঙ্গে বাড়ির সীমানা প্রাচীরের বাইরে বসানো লোহার গেটটিও সরিয়ে ফেলা হয়। গ্যাস কাটার দিয়ে কেটে দেওয়া হয় গেটটি। অভিযোগ, ওই গেট এবং অস্থায়ী ছাউনির কারণে ফুটপাতের একাংশ দখল হয়ে ছিল। পুরসভার এই অভিযান ঘিরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্য এলাকায় প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছিল।
অভিষেকের বাড়ির সামনের অস্থায়ী শেড ঘিরে গত কয়েক দিন ধরেই বিতর্ক চলছিল। ফুটপাতের উপর ওই কাঠামো থাকার কারণে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। গত শুক্রবার রাতে সাংসদের জন্মদিন পালনের অনুষ্ঠান ঘিরেও কালীঘাটে উত্তেজনা ছড়িয়েছিল। সেই সময় অস্থায়ী ছাউনির নীচে বহু মানুষের জমায়েত নজরে আসে।
বুধবার সন্ধ্যাতেও অভিষেকের বাড়ির সামনে পৌঁছেছিল পুলিশ। যদিও কালীঘাট তৃণমূলের দাবি ছিল, অস্থায়ী শেড খুলে ফেলার জন্যই সেখানে গিয়েছিল পুলিশ। ওই দিন অভিষেকের অফিসের কর্মীরাও কাঠামোটি সরানোর কাজ শুরু করেছিলেন। কালীঘাট তৃণমূলের মুখপাত্র অর্ক নাগ জানিয়েছিলেন, অভিষেক যখন ‘জেড প্লাস’ নিরাপত্তা পেতেন, তখন পশ্চিমবঙ্গের ডাইরেক্টরেট অফ সিকিউরিটির উদ্যোগে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের বসার জন্য ওই শেড তৈরি করা হয়েছিল। তাঁর দাবি, পুলিশের তরফেই তৈরি হয়েছিল অস্থায়ী ছাউনিটি।
পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর সাংসদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়। ফলে ওই শেডের আর প্রয়োজন নেই বলে জানিয়েছিলেন অর্ক। অভিষেকের পক্ষ থেকেই সেটি খুলে ফেলার ব্যবস্থা করা হচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি। কিন্তু বুধবারের মধ্যে কাঠামোটি সম্পূর্ণ সরানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে তাই পুরসভার কর্মীরা বুলডোজ়ার দিয়ে বাকি অংশ ভেঙে দেন।
এদিকে, এই বিতর্কের মধ্যেই বুধবার দুপুরে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে অভিষেক অভিযোগ করেছিলেন, তাঁর বাড়ির সামনে গাড়ি নিয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ। সেই অভিযোগ ঘিরেও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। এর মধ্যেই বৃহস্পতিবার পুরসভার অভিযানে ফুটপাত থেকে অস্থায়ী শেড ও লোহার গেট সরানোর কাজ সম্পন্ন হল। তবে এই অভিযান নিয়ে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কালীঘাট তৃণমূলের তরফে নতুন কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

