খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
SaturdayNovember 21, 2026
নজরে এখন ✦‘গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন’, ৭৫ বছরে ভারতের বদলের খতিয়ান মোদীর, নিশানায় বাম আমলের শিল্পনীতি · জেলেই সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের অনুমতি · Google’s $5 Million Boost For IIT Kharagpur’s AI Future
কলকাতা

ডেঙ্গি মোকাবিলায় বাংলার মডেলেই আস্থা কেন্দ্রের! রাজ্যের উদ্যোগ অনুসরণ করতে পারে অন্য রাজ্য, আক্রান্তের সংখ্যা কমল ১৪ শতাংশ

Arunima karmakar ·

ডেঙ্গি (Dengue) মোকাবিলায় পশ্চিমবঙ্গের একাধিক উদ্যোগকে অনুসরণযোগ্য মডেল হিসেবে স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার (Central Government)। রোগের নজরদারি, আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান বিশ্লেষণ, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ থেকে শুরু করে প্রশাসনের সর্বোচ্চ স্তরে নিয়মিত তদারকি— ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজ্যের সামগ্রিক কর্মপদ্ধতির প্রশংসা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল (NCVBDC)। এমনকি বাংলার অভিজ্ঞতা দেশের অন্যান্য রাজ্যও অনুসরণ করতে পারে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় পর্যালোচনা বৈঠকে।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানেও ডেঙ্গি সংক্রমণ কমার ছবি ধরা পড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত, অর্থাৎ ৪৪তম সপ্তাহ শেষে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ৩২। সেখানে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত একই সময়সীমায় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৩৪। অর্থাৎ, এক বছরের ব্যবধানে আক্রান্তের সংখ্যা কমেছে ২ হাজার ৩৯৮। শতাংশের হিসাবে সংক্রমণ কমেছে প্রায় ১৪.১ শতাংশ। এই পরিসংখ্যানের পাশাপাশি ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজ্যের পরিকল্পিত ও সুসংহত কর্মসূচিও কেন্দ্রের প্রশংসা পেয়েছে।

গত ৬ নভেম্বর দেশের ডেঙ্গি-প্রবণ রাজ্যগুলির পরিস্থিতি পর্যালোচনায় বিশেষ ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছিল এনসিভিবিডিসির ডেঙ্গি বিভাগ। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত প্রায় তিন ঘণ্টার ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংস্থার অধিকর্তা তনু জৈন। উপস্থিত ছিলেন যুগ্ম অধিকর্তা এ কে পাসি-সহ কেন্দ্রীয় সংস্থার অন্যান্য আধিকারিক। পশ্চিমবঙ্গের তরফে বৈঠকে যোগ দেন রাজ্যের স্টেট প্রোগ্রাম অফিসার, ভেক্টর বোর্ন ডিজিজ বিভাগের ওএসডি এবং ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিল্যান্স প্রোগ্রামের (আইডিএসপি) স্টেট ডেটা ম্যানেজার।

বৈঠকে শুধু ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বা সংক্রমণের সামগ্রিক পরিস্থিতি নিয়েই আলোচনা হয়নি। রোগের নজরদারি, আক্রান্তদের তথ্য সংগ্রহ, মৃত্যুর ঘটনাগুলির পর্যালোচনা, পরীক্ষার কিটের জোগান এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ— প্রতিটি ক্ষেত্রের কাজ খতিয়ে দেখেন কেন্দ্রীয় আধিকারিকরা। রাজ্যের প্রতিনিধিদের কাছে বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন ও তার ফলাফল সম্পর্কে জানতে চাওয়া হয়।

বিশেষ প্রশংসা পেয়েছে রাজ্যের নিজস্ব ডেঙ্গি রিপোর্টিং পোর্টাল। আক্রান্তদের তথ্য দ্রুত নথিভুক্ত করা এবং বিভিন্ন স্তরের রিপোর্ট এক জায়গায় এনে পরিস্থিতির উপরে নজর রাখার এই ব্যবস্থাকে কার্যকর বলে মনে করেছে কেন্দ্র। পাশাপাশি, স্বাস্থ্যকর্মীদের ধারাবাহিক প্রশিক্ষণ এবং ডেঙ্গি মোকাবিলায় তাঁদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টিও প্রশংসিত হয়েছে।

ডেঙ্গিতে মৃত্যুর প্রতিটি ঘটনার পর্যালোচনায় জোর

ডেঙ্গিতে মৃত্যুর প্রতিটি ঘটনার বিস্তারিত পর্যালোচনার উদ্যোগকেও বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্র। মৃত্যুর কারণ অনুসন্ধানে এপিডেমিওলজিক্যাল ও এনটোমোলজিক্যাল তথ্যের সমন্বয় ঘটানোর বিষয়টি নজর কেড়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তাদের। অর্থাৎ, সংক্রমণের ধরন ও বিস্তারের পাশাপাশি মশার প্রজাতি, প্রজনন এবং বিস্তার সংক্রান্ত তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে পরিস্থিতি বোঝার যে চেষ্টা করছে রাজ্য, তার প্রশংসা করা হয়েছে।

এ ছাড়াও ‘স্পেশাল অ্যান্টি ডেঙ্গি মান্থ’ পালন, নিয়মিত নজরদারি এবং মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যসচিব ও জেলাশাসকদের স্তরে ধারাবাহিক পর্যালোচনার বিষয়টিও বৈঠকে উঠে আসে। ডেঙ্গি পরীক্ষার কিটের পর্যাপ্ত জোগান নিশ্চিত করা এবং আক্রান্তদের তথ্য দ্রুত নথিভুক্ত করার ব্যবস্থাকেও কার্যকর পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র।

এই স্বীকৃতি প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি পুরসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত এবং জেলাশাসকের দপ্তরের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। তাঁর কথায়, ডেঙ্গি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কাজ করা স্বাস্থ্যকর্মী ও প্রশাসনিক আধিকারিকদের কাছে কেন্দ্রের এই প্রশংসা আরও উৎসাহব্যঞ্জক হবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মীরা উদ্বুদ্ধ হয়েছেন বলেও জানান তিনি। আগামী দিনে মশাবাহিত রোগ প্রতিরোধের লড়াইকে আরও জোরদার করতে এই স্বীকৃতি সাহায্য করবে বলে আশাবাদী রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *