ধীরগতিতে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় (Cyclone) ‘আকভান’ (Akvan)। সরাসরি বাংলায় (West Bengal)আছড়ে পড়ার কোনও আশঙ্কা না থাকলেও, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। বুধবার রাত থেকেই কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে।
প্রাথমিক ভাবে আবহবিদদের অনুমান ছিল, স্থলভাগে প্রবেশের আগে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘আকভান’। তবে অনুকূল পরিবেশের অভাবে সেই সম্ভাবনা ক্রমশ কমছে। বুধবার সকালে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হলেও স্থলভাগে পৌঁছনোর সময় তুলনামূলক দুর্বল থাকতে পারে সেটি। কেন্দ্রীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ল্যান্ডফলের সময় ‘আকভান’ তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই থাকতে পারে। সে ক্ষেত্রে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটারে।
আবহবিদদের মতে, ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধির পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে উল্লম্ব বায়ুপ্রবাহের তারতম্য বা ‘ভার্টিক্যাল উইন্ড শিয়ার’। উচ্চতার সঙ্গে বাতাসের গতি ও দিকের পরিবর্তন বাড়লে ঘূর্ণিঝড়ের উপরের মেঘের কাঠামো এবং নীচের ঘূর্ণনকেন্দ্রের মধ্যে সংযোগ দুর্বল হয়ে যায়। ফলে ঝড়ের শক্তি সঞ্চয়ের ক্ষমতা কমে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে সমুদ্রের জলের তাপমাত্রাও তুলনামূলক কম। গভীর বঙ্গোপসাগরে যেখানে জলের তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস, সেখানে উপকূলের কাছে অপেক্ষাকৃত ঠান্ডা জল ঘূর্ণিঝড়ের শক্তিবৃদ্ধিতে বাধা তৈরি করতে পারে।
বুধবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ মধ্য ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল ‘আকভান’। উত্তর-উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় মাত্র তিন কিলোমিটার গতিতে এগোচ্ছিল ঘূর্ণিঝড়টি। সেই সময় চেন্নাই থেকে তার দূরত্ব ছিল প্রায় ৫৮০ কিলোমিটার। মছলিপত্তনম ও বিশাখাপত্তনম থেকে দূরত্ব ছিল প্রায় ৬১০ কিলোমিটার। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার দুপুর নাগাদ নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।
তবে শক্তি কমার পূর্বাভাস থাকলেও অন্ধ্রপ্রদেশ উপকূলে দুর্যোগের আশঙ্কা থাকছেই। বৃহস্পতিবার ও শুক্রবার সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টিও হতে পারে। তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে বৃহস্পতিবার বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তেলঙ্গানায় শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টি হতে পারে।
অন্য দিকে, ২৮ দিনের মধ্যে বঙ্গোপসাগরে ‘অর্ণব’, ‘মুরাসু’ ও ‘আকভান’—পর পর তিনটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ায় মরসুমের বাকি সময়ে নতুন করে কোনও ঘূর্ণিঝড় তৈরি হবে কি না, তা নিয়েও আবহবিদদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

