খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
কলকাতা

বিচারপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্য, অভিষেককে শো-কজ কলকাতা হাই কোর্টের, ১৫ দিনের মধ্যে জবাব তলব

Arunima karmakar ·

বিচারপতিদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) শো-কজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না, তা জানতে চেয়ে ১৫ দিনের মধ্যে জবাব তলব করেছে আদালত। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে এই নির্দেশ দেওয়া হয়। আগামী ৮ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক। বিচারপতিদের একাংশের সঙ্গে বিজেপির যোগ রয়েছে বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। সেই বক্তব্যকে কেন্দ্র করেই আদালতে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণ রাও। তাঁর পর্যবেক্ষণ, অভিষেকের মন্তব্য ফৌজদারি আদালত অবমাননার শামিল হতে পারে। বিচারপ্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে বলেও মনে করছে আদালত।

ঘটনার সূত্রপাত অভিষেকের নিরাপত্তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার শুনানিতে। গত বৃহস্পতিবার ওই মামলার শুনানির সময় রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য অভিষেকের সাক্ষাৎকারের প্রসঙ্গ তোলেন। তাঁর দাবি ছিল, সাক্ষাৎকারে বিচারপতিদের নাম উল্লেখ করে তাঁদের সম্পর্কে কটাক্ষ করেছেন মামলাকারী। এই মন্তব্য আদালত অবমাননার সামিল। তিনি অভিষেকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা শুরুর আবেদনও জানান।

সেদিনই অভিষেকের আইনজীবীকে উদ্দেশ করে বিচারপতি কৃষ্ণ রাও প্রশ্ন তুলেছিলেন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে যুক্ত, তার তালিকা দিতে পারবেন কি না অভিষেক। বিচারপতির মন্তব্য ছিল, সাংসদ নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন। তাই তাঁকেই বিচারপতিদের নামের তালিকা দিতে বলা হোক।

মঙ্গলবার আদালত জানায়, অভিষেক শুধু একজন সাংসদ নন, তিনি সংশ্লিষ্ট মামলার মামলাকারীও। তাঁর বক্তব্যের মাধ্যমে আদালতের কাজে প্রভাব বিস্তার এবং বিচারপ্রক্রিয়া সম্পর্কে কলঙ্কজনক অভিযোগ তোলার চেষ্টা হয়েছে কি না, তার ব্যাখ্যা দিতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে শো-কজের জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, অভিষেকের নিরাপত্তা কমানো সংক্রান্ত মামলার শুনানি গত বৃহস্পতিবার শেষ হয়েছে। এ বিষয়ে রায়দান স্থগিত রেখেছে আদালত। পাশাপাশি নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত আগামী দু’সপ্তাহের মধ্যে পুনর্বিবেচনার জন্য রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *