খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
কলকাতা

সাসপেন্ড ঋতব্রত তৃণমূলের এক্স হ্যান্ডল! কালীঘাট শিবিরের বিরুদ্ধে রিপোর্ট করে অ্যাকাউন্ট বন্ধ করানোর অভিযোগ, পাল্টা বিজেপির ‘বি টিম’ বলে কটাক্ষ মমতা শিবিরের

Arunima karmakar ·

সোমবার সকাল থেকেই এক্স (X) হ্যান্ডলে দেখা যাচ্ছে না ঋতব্রত (Ritabrata Banerjee) শিবিরের অ্যাকাউন্ট (Account)। সেটি খুললেই ভেসে উঠছে ‘অ্যাকাউন্ট সাসপেন্ডেড’ বার্তা। একই সঙ্গে এক্স-এর তরফে জানানো হচ্ছে, নিয়মবিধি লঙ্ঘনকারী অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়ে থাকে। তবে ঠিক কী কারণে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের (ঋতব্রত শিবির) অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় কালীঘাট শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ঋতব্রতপন্থীরা। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে মমতা শিবির।

তৃণমূলের ভাঙনের পর থেকেই দলের নাম এবং জোড়াফুল প্রতীক কার দখলে থাকবে, তা নিয়ে দুই শিবিরের মধ্যে টানাপড়েন চলছে। বিষয়টি এখনও নির্বাচন কমিশনের বিবেচনাধীন। গত ১৭ সেপ্টেম্বর রাতে অন্তর্বর্তী নির্দেশে কমিশন জানিয়ে দেয়, আপাতত ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীক ফ্রিজ় করা হচ্ছে।

পরবর্তী সময়ে রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য দুই শিবিরকে পৃথক অন্তর্বর্তী নাম ও প্রতীক দেয় কমিশন। মমতা শিবিরের নাম হয় ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। তাদের প্রতীক ‘ফুটবল পায়ে ফুটবলার’। অন্য দিকে, ঋতব্রত শিবিরের নাম রাখা হয় ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’। তাদের নির্বাচনী প্রতীক ‘খাম’।

দলীয় বিভাজনের পর সমাজমাধ্যমেও পৃথক ভাবে নিজেদের উপস্থিতি তৈরি করে দুই শিবির। তৃণমূলের পুরনো এক্স হ্যান্ডলটি মমতা শিবিরের দখলে থাকলেও ঋতব্রত শিবির চালু করে আলাদা ইউজ়ারনেমে নতুন অ্যাকাউন্ট। সোমবার সকালে সেই অ্যাকাউন্টই সাসপেন্ড হওয়ার ঘটনা সামনে আসে। এর পরেই কালীঘাট শিবিরের বিরুদ্ধে রিপোর্ট করে অ্যাকাউন্ট বন্ধ করানোর অভিযোগ তোলে ঋতব্রতপন্থীরা।

ঋতব্রত শিবিরের মুখপাত্র ঋজু দত্তের দাবি, নাম ও প্রতীক নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় কালীঘাট শিবির পরিকল্পিত ভাবে রিপোর্ট করে তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করিয়েছে। তিনি বলেন, “যাবতীয় তথ্য দিয়ে আমাদের অ্যাকাউন্টটি যাতে আবার পুনরুদ্ধার করা যায়, সেই চেষ্টা চলছে। আশা করছি বিষয়টি দ্রুতই মিটে যাবে।”

যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কালীঘাট শিবিরের বিধায়ক আলিফা আহমেদ। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সঙ্গে মমতা শিবিরের কোনও সম্পর্ক নেই। ঋতব্রত শিবিরকে বিজেপি পরিচালিত সরকারের ‘বি টিম’ বলেও কটাক্ষ করেন তিনি। আলিফার দাবি, তাঁরাই প্রকৃত বিরোধী শক্তি এবং সমাজমাধ্যম-সহ বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। অন্য শিবিরের অ্যাকাউন্ট সাসপেন্ড করানোর জন্য রিপোর্ট করার কোনও প্রয়োজন তাঁদের নেই বলেও দাবি করেন তিনি।

দুই শিবিরের এই পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই আপাতত অনিশ্চিত রয়ে গেল ঋতব্রত তৃণমূলের এক্স হ্যান্ডল ফিরে পাওয়ার বিষয়টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *