শান্তিনিকেতনে (Santiniketan) পুলিশকর্মীকে গুলি করে পালানোর ঘটনায় পুলিশের এনকাউন্টারে (Encounter) মৃত্যু (Death) হল অন্যতম অভিযুক্ত রতন শেখের (Ratan Sekh)। বোলপুরের (Bolpur) লায়েক বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অপরাধীকে ধরতে গিয়ে দুষ্কৃতীর গুলিতে জখম হয়েছিলেন শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাস। সেই ঘটনার পর থেকেই পলাতক ছিল রতন। অবশেষে পুলিশের অভিযানে তার মৃত্যু হয়েছে বলে খবর।
এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “পুলিশকে গুলি করার চেষ্টা করেছিল। পুলিশকে গুলি করতে এলে পুলিশ কি বাতাসা খাওয়াবে?” অপরাধীদের রাজ্যে কোনও জায়গা নেই বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ওই অপরাধীর বিরুদ্ধে একাধিক মামলা ছিল। কোনওভাবে জামিন পেয়ে বাইরে বেরিয়েছিল সে। পুলিশকে গুলি করলে যে ছেড়ে দেওয়া হবে না, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বীরভূমের নানুরের সাওঁতা গ্রামের বাসিন্দা রতন শেখের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ ছিল। মাস কয়েক আগে একটি মামলায় গ্রেফতার হয়েছিল সে। পুজোর সময়ে সেই মামলাতেই জামিন পায় রতন। গত শুক্রবার সন্ধ্যায় তাকে ধরতে অভিযান চালায় পুলিশ। সেই সময় আচমকাই শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর থেকেই তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। টানা দু’দিন ধরে চলে অভিযান। শেষ পর্যন্ত পুলিশের এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর থেকেই দুষ্কৃতী দমনে পুলিশকে কড়া পদক্ষেপ করার বার্তা দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী। একাধিক সভা থেকে অপরাধীদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি ছিল, “সকালে জমা, বিকেলে খরচ।” গত জুলাই মাসে বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম এনকাউন্টারের ঘটনা ঘটে। এরপর গাইঘাটা এবং রায়গঞ্জের ঘটনাতেও এনকাউন্টার হয়। এবার শান্তিনিকেতনে পুলিশকর্মীকে গুলি করার ঘটনায় অভিযুক্তের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফের আলোচনায় পুলিশের এনকাউন্টার অভিযান।

