বিগত সরকারের আমলে রাজ্যের আবাস যোজনার (Awas Yojona) উপভোক্তা তালিকায় বেআইনি ভাবে নাম তোলার অভিযোগে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী (Cheif Minister) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু অযোগ্য উপভোক্তাদেরই নয়, যাঁরা তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন, তাঁদের বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। শুক্রবার নবান্নে (Nabanna) সাংবাদিক (Press Conference) বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আবাস যোজনায় ৫৭ হাজার ভুয়ো উপভোক্তা রয়েছেন। তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে। পাশাপাশি, কারা ওই অযোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করেছিলেন, তা খুঁজে বের করতে সিট (SIT) গঠন করে সিআইডির মাধ্যমে তদন্ত করানোর পরিকল্পনা রয়েছে।
মুখ্যমন্ত্রীর দাবি, প্রায় ১২ হাজার উপভোক্তা বেআইনি ভাবে আবাস যোজনার টাকা নিয়েছিলেন। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত এক হাজার জন টাকা ফেরত দিয়েছেন। বাকিদেরও অবিলম্বে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সরকারি সূত্রে খবর, অযোগ্য উপভোক্তাদের অনেকেরই নিজস্ব পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাঁরা এক বা একাধিকবার আবাস যোজনার টাকা তুলেছেন। আবার কেউ কেউ টাকা পেয়েও বাড়ি তৈরি করেননি।
অন্য দিকে, এ দিন রাজ্যের সাত লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির মোট ৪২০০ কোটি টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ১৭.২০ লক্ষ উপভোক্তার হাতে দ্বিতীয় কিস্তির বাবদ প্রায় ১০ হাজার কোটি টাকা তুলে দেওয়া হল। মুখ্যমন্ত্রীর বক্তব্য, যাঁদের বাড়ি তৈরির কাজ অসম্পূর্ণ রয়েছে, তাঁদের কাজ শেষ করাই সরকারের লক্ষ্য। প্রকৃত প্রাপকেরাই যাতে সরকারি সাহায্য পান, তা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলেছিল কেন্দ্রীয় সরকার। রাজ্যের কাছ থেকে সন্তোষজনক জবাব না মেলায় ২০২২ সালের মার্চ মাস থেকে পশ্চিমবঙ্গের জন্য এই প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্র। তার পরেই প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করে রাজ্য সরকার। বাড়িপিছু ১ লক্ষ ২০ হাজার টাকা করে রাজ্যের নিজস্ব কোষাগার থেকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই প্রকল্পের নাম বদলে ‘পশ্চিমবঙ্গ আবাস’ রাখা হয়েছে।
এ দিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগের সরকার বলেছিল, নতুন সরকার এলে আবাসের টাকা বন্ধ করে দেবে। পরিবর্তন হলে দ্বিতীয় কিস্তির টাকা মিলবে না। যাঁদের বাড়ির কাজ অসম্পূর্ণ, আমরা চাই সেই কাজ শেষ হোক। প্রকৃত প্রাপকদের হাতে টাকা তুলে দেব আমরা।’’

