খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
SaturdayNovember 21, 2026
নজরে এখন ✦‘গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন’, ৭৫ বছরে ভারতের বদলের খতিয়ান মোদীর, নিশানায় বাম আমলের শিল্পনীতি · জেলেই সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের অনুমতি · Google’s $5 Million Boost For IIT Kharagpur’s AI Future
কলকাতা

টালার বিকল্প পাইপলাইন দিয়ে জল সরবরাহ স্বাভাবিক, শুক্রবারও সারল না ক্ষতিগ্রস্ত মূল লাইনের মেরামতি

Arunima karmakar ·

টালায় (Tala) ক্ষতিগ্রস্ত জলের পাইপলাইন (Water Pipeline) মেরামতির কাজ শুক্রবারের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা এখনও সম্পূর্ণ হয়নি। আপাতত বিকল্প পাইপলাইনের মাধ্যমে শহরে জল সরবরাহ করছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। পুরসভা (Municipal) সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত মূল পাইপের পাশেই অন্য একটি লাইন যুক্ত করে জল সরবরাহের বিকল্প ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার শহরের বেশিরভাগ এলাকায় জল সরবরাহ প্রায় স্বাভাবিক হয়েছে বলে দাবি পুরসভার। স্থানীয় বাসিন্দাদের একাংশের কথায়, শুক্রবার সকাল থেকেই জলের চাপ অনেকটাই স্বাভাবিক।

গত সোমবার টালা রেল সেতুর নীচে একটি জলের পাইপ ফেটে যাওয়ায় উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা-সহ মধ্য ও দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি অঞ্চলে তীব্র জলসঙ্কট দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে বুধবার থেকেই ক্ষতিগ্রস্ত পাইপলাইনের পাশে বিকল্প লাইন বসানোর কাজ শুরু করে পুরসভা। বৃহস্পতিবার সকালেই সেই কাজ শেষ হয়। তার পর থেকেই বিকল্প পথ দিয়ে জল সরবরাহ করা হচ্ছে। বৃহস্পতিবার জলের চাপ কিছুটা কম থাকলেও শুক্রবার তা প্রায় স্বাভাবিক হয়েছে বলে পুরসভার দাবি। আপাতত এই বিকল্প ব্যবস্থার মাধ্যমেই জল সরবরাহ চলবে।

তবে কবে মেরামত হবে ক্ষতিগ্রস্ত মূল পাইপলাইন? ভবিষ্যতে ওই লাইন দিয়ে আদৌ জল সরবরাহ করা সম্ভব হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। এ বিষয়ে কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক রিতেশ তিওয়ারি বলেন, ‘‘এখনও সিদ্ধান্ত হয়নি, পুরনো লাইনটি প্রতিস্থাপন করা হবে না কি সেটি সংস্কার করা হবে।’’ যদিও এর আগে পুরসভার তরফে জানানো হয়েছিল, পুরনো পাইপলাইন মেরামতির জন্যই বিকল্প লাইন যুক্ত করে ক্ষতিগ্রস্ত অংশটি জলশূন্য করা হয়েছিল।

এই ঘটনায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন উত্তর কলকাতার বাসিন্দারা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, কিছু এলাকায় বুধবার থেকেই অল্প অল্প করে জল আসতে শুরু করে। বৃহস্পতিবার জলের চাপ আরও বাড়ে। শুক্রবার উত্তর কলকাতার প্রায় সব এলাকাতেই জল সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে দাবি বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *