টেক অফের ঠিক আগেই মুম্বইগামী (Mumbai) বিমানে (Flight) হাইজ্যাকের হুমকি! বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কলকাতার দমদম বিমানবন্দরে (Dumdum Airport)। সকাল ১০টা ২০ মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়া (Air India) (ভিস্তারা)-র AI 2772 নম্বরের বিমানে এই ঘটনা ঘটে। কলকাতা (Kolkata) থেকে মুম্বই যাওয়ার জন্য প্রস্তুত বিমানটির ভিতরে হাইজ্যাক সংক্রান্ত একটি চিরকুট উদ্ধার হয়। এরপরই শুরু হয় তৎপরতা।
বিমানবন্দর সূত্রে খবর, এয়ারবাস A320 নিও মডেলের ওই বিমানের ওয়াশরুমের আয়নায় হাইজ্যাক সংক্রান্ত একটি বার্তা লেখা দেখতে পাওয়া যায়। বিষয়টি নজরে আসতেই পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (ATC) সতর্ক করেন। খবর পেয়েই বিমানবন্দরের নিরাপত্তা বিভাগকে সতর্ক করা হয়।
এরপর বিমানের সমস্ত যাত্রীকে নামিয়ে আনা হয়। বিমানটিকে নিয়ে যাওয়া হয় আইসোলেশন বে-তে। বিমানের ভিতরে কোনও সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেন নিরাপত্তাকর্মীরা। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
কীভাবে বিমানের ভিতরে ওই হুমকির বার্তা এল, কে বা কারা সেটি লিখেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

