মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে সমাজমাধ্যমে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাসপেন্ড হলেন কলকাতা পুলিশের (Kolkata Police) এক ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। অভিযুক্তের নাম ইকলাখ আহমেদ। সোমবার বিষয়টি প্রকাশ্যে আসতেই তাঁকে সাসপেন্ড করার নির্দেশ দেন কলকাতা পুলিশের (Kolkata Police) কমিশনার অজয় নন্দ (Ajay Nanda)। বর্তমানে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর প্রথম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন ইকলাখ। এর আগে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Kolkata Medical College & Hospital) পুলিশ ফাঁড়ির ওসি হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি।
লালবাজার সূত্রে খবর, কর্তব্যরত অবস্থায় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনার সময় মুখ্যমন্ত্রীকে ‘মত কা সওদাগর’ বলে কটাক্ষ করেন ইকলাখ। এমনকি, মৃত্যু মিছিল ঘটিয়ে মুখ্যমন্ত্রী টাকা কামাতে চান বলেও মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিষয়টি লালবাজারের নজরে আসতেই দ্রুত পদক্ষেপ করা হয়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই পুলিশ আধিকারিক। ইকলাখের দাবি, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি এ ধরনের কোনও মন্তব্য করেননি। সাধারণ আলোচনার সময় কথার প্রসঙ্গে বিভিন্ন বিষয় উঠে এসেছিল মাত্র।
কলকাতা পুলিশ কমিশনারের জারি করা সাসপেনশন নির্দেশিকায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের কর্তৃপক্ষ সম্পর্কে সমাজমাধ্যমে অবমাননাকর মন্তব্য করেছেন ওই আধিকারিক। সরকারি পদে থেকে কেন তিনি এমন মন্তব্য করেছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত চলাকালীন তাঁকে দায়িত্বে বহাল রাখলে জনস্বার্থ এবং সরকারি পরিষেবার স্বার্থ বিঘ্নিত হতে পারে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
সাসপেনশন চলাকালীন মূল বেতনের অর্ধেকের পাশাপাশি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা পাবেন ইকলাখ। একই সঙ্গে কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের রিজার্ভ অফিসারের কাছে অবিলম্বে সমস্ত সরকারি সরঞ্জাম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সাসপেনশন বহাল থাকবে।

