ট্রেনের (Train) কামরা কিংবা স্টেশন চত্বরে মোবাইলে তারস্বরে গান শোনা, ভিডিয়ো দেখা বা জোরে কথা বললে এ বার থেকে কড়া পদক্ষেপ করতে পারে রেল (Eastern Railway)। সহযাত্রীর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে হতে পারে আইনি ব্যবস্থা। এমনকি নিয়মভঙ্গের জন্য ছ’মাস পর্যন্ত জেল অথবা ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, প্রয়োজনে দুটোই হতে পারে। এই মর্মে সম্প্রতি নির্দেশিকা জারি করেছে পূর্ব রেল। শুধু মোবাইলে গান বা ভিডিয়ো চালানোই নয়, উচ্চস্বরে রিংটোন বাজানো এবং দীর্ঘক্ষণ জোরে কথা বলার বিষয়টিও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। পূর্ব রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু যাত্রী। তাঁদের দাবি, মেট্রো ও বাসের মতো অন্যান্য গণপরিবহণেও একই নিয়ম চালু করা হোক।
উল্লেখ্য, এর আগে একই ধরনের পদক্ষেপের কথা জানিয়েছিল দক্ষিণ রেল। দীর্ঘদিন ধরেই ট্রেনের কামরায় মোবাইলে জোরে গান বাজানো এবং ভিডিয়ো দেখার কারণে সহযাত্রীদের অসুবিধার অভিযোগ জমা পড়ছিল পূর্ব রেলের কাছে। সেই অভিযোগের ভিত্তিতেই এ বার সক্রিয় হয়েছে রেল কর্তৃপক্ষ। নির্দেশিকায় বলা হয়েছে, এই ধরনের আচরণ উপদ্রবের পর্যায়ে পৌঁছলে রেল আইনের ১৪৫ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পাওয়ার পর টিকিট পরীক্ষক বা তাঁর ঊর্ধ্বতন আধিকারিকেরা প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবেন।
যাত্রীদের সচেতন করতে একাধিক নির্দেশও দিয়েছে পূর্ব রেল। ট্রেনের কামরায় নোটিস বা স্টিকার লাগিয়ে সতর্কবার্তা দিতে হবে। পাশাপাশি প্রতিটি স্টেশনে মাইকে বার বার ঘোষণা করতে হবে। হিন্দি, ইংরেজি এবং আঞ্চলিক ভাষায় যাত্রীদের জানাতে হবে, ট্রেন বা স্টেশন চত্বরে জোরে গান বাজানো, ভিডিয়ো দেখা কিংবা উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকতে হবে। মোবাইলের রিংটোনের আওয়াজ কমিয়ে রাখা এবং প্রয়োজনে ফোন সাইলেন্ট মোডে রাখার পরামর্শও দিতে হবে। হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদহ ডিভিশনের সমস্ত স্টেশনে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে।
এই প্রসঙ্গে ২০১২ সালের ২৩ জুলাই জারি হওয়া রেলের একটি নির্দেশিকারও উল্লেখ করেছে পূর্ব রেল। সেই নির্দেশিকাতেও মোবাইলে জোরে কথা বলা এবং উচ্চস্বরে রিংটোন বাজানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। রেলের বক্তব্য, এই ধরনের আচরণে সহযাত্রীদের অসুবিধা হয়। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় এমন পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে।
তবে শুধু ট্রেন নয়, কলকাতা মেট্রো এবং বাসেও একই সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। কসবার বাসিন্দা সুমন দাসের অভিযোগ, ভিড় মেট্রোয় প্রায়ই যাত্রীরা মোবাইলে জোরে রিল্স দেখেন। অনেক বার নিষেধ করেও কোনও লাভ হয়নি। একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন বাঁশদ্রোণীর বাসিন্দা অরুণিমা পাল। তাঁর মতে, মেট্রোতেও এমন নিয়ম চালু হলে যাত্রীদের সুবিধা হবে। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, এই বিষয়ে এখনও কোনও পদক্ষেপের সিদ্ধান্ত হয়নি। রাজ্য পরিবহণ দফতরও আপাতত এমন কোনও নির্দেশিকা জারির কথা ভাবছে না।

