কলকাতার পুরভোটের (Kolkata Municipal Election) নির্ঘণ্ট ঘোষণায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে এ বার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল কলকাতা পুরসভা (Kolkata Municipal Election)। এর আগে একই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছিল রাজ্য সরকার। পুরসভার দাবি, আইন মেনেই ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। ফলে পুরভোট ঘোষণার উপর হাই কোর্টের জারি করা স্থগিতাদেশ বাতিল করা হোক। বৃহস্পতিবার এই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের দৃষ্টি আকর্ষণ করেন পুরসভার আইনজীবী। প্রধান বিচারপতি জানান, আগামী সোমবার এই সংক্রান্ত সমস্ত মামলার একসঙ্গে শুনানি হবে।
গত ৬ নভেম্বর কলকাতার পুরভোটের নির্ঘণ্ট ঘোষণায় স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ ছিল, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলা সিঙ্গল বেঞ্চে বিচারাধীন। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না। যদিও সিঙ্গল বেঞ্চে এই বিষয়ে রাজ্য এবং মামলাকারীর কাছে হলফনামা চাওয়া হলেও ভোট ঘোষণায় কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। বিষয়টি ডিভিশন বেঞ্চের নজরে আনেন মামলাকারী। তার পরেই অনির্দিষ্টকালের জন্য ভোট ঘোষণায় স্থগিতাদেশ জারি করে ডিভিশন বেঞ্চ।
সিঙ্গল বেঞ্চে মামলার শুনানির আগেই ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। এ বার একই পথে হাঁটল কলকাতা পুরসভাও। পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত প্রধান সচিবের পাশাপাশি পুরসভার তরফেও পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলায় রাজ্য নির্বাচন কমিশন, বিজেপি, মমতা তৃণমূল এবং সিপিএমকেও যুক্ত করা হয়েছে।
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর মেয়রের পদত্যাগের জেরে কলকাতা পুরসভার পুরবোর্ড ভেঙে দেওয়া হয়েছে। এর মধ্যেই পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়। গত ১১ সেপ্টেম্বর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন সিপিএম নেতা দীপু দাস। তাঁর অভিযোগ, জনসংখ্যার পরিবর্তে ভোটার তালিকাকে ভিত্তি করে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করেন তিনি। মামলাকারীর আরও অভিযোগ, পুনর্বিন্যাসের প্রক্রিয়ায় আইন মানা হয়নি। তাঁর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করার আইনগত ক্ষমতা পুর কমিশনারের নেই। অথচ, এই ক্ষেত্রেই পুর কমিশনার সেই কাজ করেছেন। তাই পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে মামলাটি এখনও বিচারাধীন। চলতি মাসের শেষ সপ্তাহে এই মামলার শুনানির কথা রয়েছে।
এ দিকে, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে পৃথক ভাবে ক্যাভিয়েট দাখিল করেছে মমতা তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফেও ক্যাভিয়েট জমা দেওয়া হয়েছে। তাঁদের আবেদন, এই সংক্রান্ত মামলায় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের বক্তব্য যেন শোনা হয়। একতরফা ভাবে কোনও নির্দেশ না দেওয়ার আর্জি জানানো হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে রাজ্য, পুরসভা এবং অন্যান্য পক্ষের মামলার শুনানির দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

