নির্ধারিত সময়ের আগেই স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু করল ঘূর্ণিঝড় (Cyclon ‘আকভান’ (Akvan)। আবহাওয়া দফতর (IMD) সূত্রে খবর, শুক্রবার সকাল ৭টা ২৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল ও ওডিশার দক্ষিণ উপকূলের মধ্যবর্তী এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল শুরু হয়েছে। এর জেরে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ ও ওডিশার উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ভোর থেকে বৃষ্টি চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার দুপুরের মধ্যেই ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, প্রায় তিন ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফলের প্রক্রিয়া। পূর্বাভাস অনুযায়ী, ওডিশার গোপালপুরের কাছাকাছি ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশ সম্পূর্ণ হতে পারে। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম ও বিজয়নগরমে লাল সতর্কতা জারি করা হয়েছে। ওডিশার একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
সমুদ্রে শক্তি সঞ্চয় করে ‘অতি প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হলেও স্থলভাগের দিকে এগোনোর সময় কিছুটা শক্তিক্ষয় করেছে ‘আকভান’। উত্তর-পশ্চিম ভারত থেকে বয়ে আসা ঠান্ডা ও শুষ্ক বাতাসের প্রভাবে ঘূর্ণিঝড়টির শক্তি কমেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে ঘূর্ণিঝড়ের মূল অংশ থেকে বিচ্ছিন্ন মেঘের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একাধিক এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, ল্যান্ডফল সম্পূর্ণ হওয়ার পর ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর পর অভিমুখ বদলে বাংলাদেশের দিকে এগোতে পারে সেটি। তার প্রভাবে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও ঝাড়গ্রাম-সহ একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বাড়বে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার দাপটও বাড়তে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
শনি ও রবিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। তবে শুক্রবারের তুলনায় বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কম থাকবে। কমবে ঝোড়ো হাওয়ার দাপটও। সোমবার দুপুরের পর থেকে ধীরে ধীরে দুর্যোগের প্রভাব কাটতে পারে। আকাশ পরিষ্কার হলে তাপমাত্রাও ক্রমশ কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

