খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
আবহাওয়া

ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি, উপকূলে ভারী বর্ষণের পূর্বাভাস

Arunima karmakar ·

বঙ্গোপসাগরে (Bay of Bengal) ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ (Akhvan)। মঙ্গলবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হয়েছে সেটি। আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার আরও শক্তিশালী হবে ঘূর্ণিঝড়টি। শুক্রবার দুপুরে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh) উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় স্থলভাগে প্রবেশ করতে পারে ‘আকভান’। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকেই বদলাতে শুরু করবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা বাড়বে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ সম্পূর্ণ মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় ফিরবে গুমোট অস্বস্তি। আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ফলে শীতের হালকা আমেজ আপাতত উধাও হওয়ার আশঙ্কা।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার দু-একটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ার একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-একটি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা।

শুক্রবারও দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

শনিবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি। তবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর মৎস্যজীবীদের ২০ নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সব মিলিয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে চলেছে। বিশেষ করে উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় পরিস্থিতির দিকে নজর রাখছে আবহাওয়া দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *