খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
কলকাতা

৩৪ বছর পর ফের মৃত্যুদণ্ডের নির্দেশ কলকাতা হাই কোর্টের, পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-খুনে ফাঁসির সাজা অশোকের

Arunima karmakar ·

ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মৃত্যুদণ্ডের নির্দেশের ৩৪ বছর পর ফের ধর্ষণ ও খুনের (Rape and Murder) মামলায় মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার হুগলির (Hooghly) পাঁচ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত অশোক সিংহের ফাঁসির সাজা বহাল রাখল উচ্চ আদালত। তবে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদনের সুযোগ দিতে আগামী তিন মাস এই রায় কার্যকর করার উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

এর আগে নিম্ন আদালত অশোককে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিন্‌হার ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের সেই সাজা বহাল রাখে।

১৯৯০ সালের ৫ মার্চ কলকাতায় নিজের আবাসনেই খুন হয়েছিলেন কিশোরী হেতাল পারেখ। সেই মামলায় ১৯৯২ সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। ২০০৪ সালের ১৪ অগস্ট তাঁর ফাঁসি কার্যকর হয়। তার পর গত ৩৪ বছরে আর কোনও মামলায় মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়নি উচ্চ আদালত। মঙ্গলবার হুগলির এই মামলায় ফের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হল।

ঘটনাটি গত বছরের ২৪ নভেম্বরের। সন্ধ্যায় বাড়ির সামনে খেলতে খেলতে নিখোঁজ হয়ে যায় পাঁচ বছরের শিশুটি। বাজারে যাওয়ার সময় মেয়েকে খেলতে দেখেছিলেন তার বাবা। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে প্রতিবেশী অশোকের বাড়ি থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা দায়ের হয়।

এই মামলায় গত ৯ ডিসেম্বর চার্জশিট জমা দেয় পুলিশ। ১১ ডিসেম্বর চার্জ গঠন হয়। এরপর মাত্র এক মাসের মধ্যে ২৭ জনের সাক্ষ্যগ্রহণ-সহ বিচারপ্রক্রিয়া শেষ করে চুঁচুড়া পকসো আদালত। বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী অভিযুক্ত অশোক সিংহকে মৃত্যুদণ্ডের সাজা শোনান। উল্লেখযোগ্যভাবে, যেদিন সাজা ঘোষণা হয়েছিল, সেদিনই ছিল নির্যাতিত শিশুটির জন্মদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *