নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) প্রায় বারো হাজার কণ্ঠে হনুমান চালিশা (Hanuman Chalisha) পাঠের অনুষ্ঠান থেকে রাজ্যের আগামী প্রজন্মের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার ‘সনাতন ভাইবস’ শীর্ষক এই অনুষ্ঠানে বিরোধীদের নিশানা করে তিনি বলেন, ভোটে যারা জিততে পারে না, তারাই গীতা পাঠ, হনুমান চালিশা পাঠ এবং রাম মন্দির নির্মাণের বিরোধিতা করে সমাজে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। ভোটের সময়, সোশ্যাল মিডিয়ায় এবং মন্দির থেকেই তাদের জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শুরুতেই যুবসমাজকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারতকে বিশ্বগুরু করে তোলার দায়িত্ব আগামী প্রজন্মের। যুব সম্প্রদায়ের জন্য কাজ করবে তাঁর সরকার। এরপরই পূর্বতন বাম ও তৃণমূল সরকারকে আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, বাম আমলে হনুমান চালিশা ও হরে কৃষ্ণ নামসংকীর্তনের বিরোধিতা করা হত। অন্যদিকে, তৃণমূল আমলেও হিন্দু ধর্মীয় ভাবাবেগকে অসম্মান করা হয়েছে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন শুভেন্দু।
এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করে কাকদ্বীপের প্রিজন ভ্যানের প্রসঙ্গও তোলেন তিনি। পাশাপাশি আগামী ২৯ ডিসেম্বর কলকাতায় ১০ লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রামানন্দ মিশনের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। এদিনের কর্মসূচিতে উপস্থিত সকলকে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানান শুভেন্দু।
সনাতন বৈভব, রামানন্দ মিশন এবং মহারাজা অগ্রসেন ধামের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় সাত হাজার শিক্ষার্থী ও ভক্তের সমবেত পাঠের মাধ্যমে পাঁচ লক্ষ বার হনুমান চালিশা পাঠের সংকল্প নেওয়া হয়। আয়োজকদের দাবি, সনাতন ধর্মের আদর্শ, সামাজিক ঐক্য এবং আধ্যাত্মিক চেতনার প্রসারই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আগামী জানুয়ারিতে কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে কুণ্ডীয় মহাযজ্ঞ ও রামকথা পাঠ এবং ফেব্রুয়ারিতে পুরুলিয়ার কুশল পল্লিতে হনুমান কথা অনুষ্ঠানের পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনিও হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রসঙ্গ তুলে শমীক বলেন, শুধু দেশের নয়, বিশ্বের সমস্ত হিন্দু ভাই-বোনের এক হওয়ার সময় এসেছে।

