শান্তিনিকেতনে (Santiniketan) পুলিশ কনস্টেবল (Police Constablel বিশ্বজিৎ দাসকে গুলি করে পালানোর ঘটনায় অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের এনকাউন্টার (Encounter) নিয়ে মুখ খুলল বীরভূম জেলা পুলিশ (Birbhum District Police)। সোমবার সাংবাদিক বৈঠক (Press Conference) করে গোটা ঘটনার বিস্তারিত বিবরণ দেন পুলিশ সুপার (Police Super) রাজ বুন্দেশ। তাঁর দাবি, নানুরের একটি ইটভাটায় অস্ত্র উদ্ধারে গিয়ে ফের পুলিশের উপর গুলি চালায় রতন। আত্মরক্ষার্থেই পালটা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। সেই গুলিতেই মৃত্যু হয় অভিযুক্তের।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি শান্তিনিকেতন থানার লায়েক বাজার এলাকায় পুরনো অপরাধের রেকর্ড থাকা দুই সন্দেহভাজনের গতিবিধি নজরে আসে পুলিশের। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশের একটি দল। দু’জনকে আটক করার চেষ্টা করতেই আগ্নেয়াস্ত্র নিয়ে কনস্টেবল বিশ্বজিৎ দাসের উপর হামলা চালায় রতন শেখ। তার ছোড়া গুলি বিশ্বজিতের পায়ে লাগে। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, রতনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক আইনে মামলা-সহ ডাকাতির প্রস্তুতি, চুরি ও ছিনতাইয়ের মতো ৩৬টিরও বেশি অপরাধের অভিযোগ ছিল।
আহত কনস্টেবলকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বর্ধমান হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। এই ঘটনার পরই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে একাধিক টেকনিক্যাল ও ম্যানুয়াল দল গঠন করা হয়। পুলিশ সুপার জানান, গত ১৫ তারিখ প্রযুক্তিগত সূত্রের ভিত্তিতে বর্ধমানের একটি এলাকা থেকে রতন শেখকে গ্রেফতার করা হয়। জেরায় লায়েক বাজারে কনস্টেবলের উপর হামলার সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র কোথায় লুকিয়ে রেখেছে, তা জানায় সে। সেই সূত্র ধরেই অস্ত্র উদ্ধারের জন্য তাকে নানুরের একটি ইটভাটার কাছে নিয়ে যায় পুলিশ।
পুলিশের দাবি, সেখানে অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া চলাকালীন লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রতন। গুলি লাগে পুলিশের গাড়িতে। এরপর আত্মরক্ষার্থে পালটা গুলি চালায় পুলিশ। দু’পক্ষের গুলির লড়াইয়ে জখম হয় রতন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এনকাউন্টারের নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে পুলিশ জানিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন, আদালত এবং আইনি বিধি মেনেই পরবর্তী পদক্ষেপ করা হচ্ছে। ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পাশাপাশি ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। অন্যদিকে, এই মামলায় রতনের দুই সহযোগী রমেশ লোহর ও নূর হোসেন শেখকে বোলপুর ও লাভপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে।

