টালায় (Tala) পানীয় জলের পাইপ ফেটে বিপাকে কলকাতার (Kolkata) বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। বিকল্প বাইপাসের (Bypass) ব্যবস্থা করা হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি শহরের জল সরবরাহ। বউবাজার (Boubazar), শোভাবাজার (Sobhabazar)-সহ একাধিক এলাকায় পর্যাপ্ত জল না পাওয়ার অভিযোগ উঠছে। কোথাও কল দিয়ে অল্প জল পড়ছে, কোথাও আবার ফোঁটা ফোঁটা জল মিলছে। এই পরিস্থিতিতে শনিবার পানীয় জলের সমস্যা নিয়ে মুখ খুললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁর মন্তব্য, ‘‘একটু ধৈর্য ধরতে হবে। আমি তো হাতুড়ি দিয়ে গিয়ে ফাটিয়ে আসিনি, ফেটে গিয়েছে!’’
শহরের বিভিন্ন এলাকায় এখনও পর্যাপ্ত জল না পৌঁছনোর অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন মন্ত্রী। তাঁর দাবি, টালার যে বড় মেইন পাইপটি ফেটেছে, সেটি ব্রিটিশ আমলের। ফলে মেরামতির কাজে সময় লাগছে। অগ্নিমিত্রা বলেন, ‘‘এই অভিযোগটা অবশ্যই ন্যায্য। অনেক জায়গাতেই জল এখনও সেই ফোর্সে আসছে না। কারণ, এটা খুব বড় একটা মেইন লাইন, যেটা হঠাৎ ফেটে গিয়েছে। আজকের নয়, ব্রিটিশ আমলের পাইপ। সুতরাং এটা ঠিক করতে সময় লাগছে। রাতদিন আমাদের আধিকারিক ও কর্মীরা কাজ করছেন।’’
বউবাজারের বাবুরাম শীল লেন-সহ শহরের বেশ কয়েকটি এলাকায় এখনও জল সরবরাহের চাপ অত্যন্ত কম। কোথাও রাস্তার কল দিয়ে সরু ধারায় জল পড়ছে, আবার কোথাও পাইপের সাহায্যে জল টানতে হচ্ছে। অনেক বাড়িতেই পর্যাপ্ত জল পৌঁছচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের। এই পরিস্থিতিতে কবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
জলসঙ্কট মোকাবিলায় বিভিন্ন এলাকায় ট্যাঙ্কার পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর কথায়, কোনও এলাকায় ট্যাঙ্কারের প্রয়োজন হলে নির্দিষ্ট গ্রিভ্যান্স নম্বরে জানালেই ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সমস্যা মিটে যাবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তবে বিকল্প ব্যবস্থা চালু থাকা সত্ত্বেও শহরের একাধিক এলাকায় জল সরবরাহের স্বাভাবিক ছন্দ ফিরতে আরও কিছুটা সময় লাগবে বলেই ইঙ্গিত মিলেছে মন্ত্রীর বক্তব্যে।

