খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
কলকাতা

এক রবিবার বিরতি, তারপর টানা পাঁচ রবিবার ভোগান্তি! রক্ষণাবেক্ষণের জেরে ব্লু লাইনে বন্ধ থাকবে মেট্রোর একাধিক অংশ

Arunima karmakar ·

রক্ষণাবেক্ষণের কাজের জেরে ফের রবিবার মেট্রো (Metro) যাত্রীদের ভোগান্তি বাড়তে চলেছে। মাঝে মাত্র একটি রবিবারের বিরতি। তার পরেই টানা পাঁচটি রবিবার ব্যাহত হবে কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনের (Blue Line) পরিষেবা। আগামী ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ও ১৩ ডিসেম্বর বদলে যাচ্ছে শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটের মেট্রো চলাচলের সময়সূচি। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই পাঁচটি রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্লু লাইনে ভাঙাপথে মেট্রো চলবে। প্রথম চারটি রবিবার অর্থাৎ ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ (মহানায়ক উত্তমকুমার) পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। ওই অংশে ট্রাফিক ও পাওয়ার ব্লক করে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন, দুই লাইনেই মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। সন্ধ্যা ৬টার পর ফের গোটা রুটে পরিষেবা চালু হবে।

অন্যদিকে, ১৩ ডিসেম্বর রক্ষণাবেক্ষণের কাজ চলবে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে। ফলে ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অংশে মেট্রো চলবে না। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা অবশ্য স্বাভাবিক থাকবে। সন্ধ্যা ৬টার পর শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত গোটা রুটেই ফের মেট্রো চলাচল শুরু হবে।

সময়সূচিতেও থাকছে কিছু পরিবর্তন। ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর দক্ষিণেশ্বর ও টালিগঞ্জের মধ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। ১৩ ডিসেম্বর দক্ষিণেশ্বর থেকে ময়দানগামী প্রথম মেট্রোও পাওয়া যাবে সকাল ৯টায়। তবে ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে। পাশাপাশি, ওই পাঁচটি রবিবার জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরগামী কোনও সরাসরি মেট্রো পরিষেবা পাওয়া যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগেও গত ১৩ সেপ্টেম্বর এবং ১ নভেম্বর রক্ষণাবেক্ষণের কাজের জন্য ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়েছিল। ১৩ সেপ্টেম্বর গীতাঞ্জলি ও কবি নজরুল স্টেশনের মধ্যে কাজের জেরে সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছিল। আবার ১ নভেম্বর নেতাজি ও টালিগঞ্জ স্টেশনের মধ্যে কাজের জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ ছিল। এবারও একাধিক রবিবার পরিষেবা ব্যাহত হওয়ার ঘোষণায় সপ্তাহান্তে মেট্রো নির্ভর যাত্রীদের যাতায়াতে সমস্যার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *