
বিগ বসের ঘরে প্রতিদিনই বদলে যাচ্ছে প্রতিযোগীদের সম্পর্কের সমীকরণ। আজ যে বন্ধু, কাল তাকেই শত্রু মনে হচ্ছে। চলতি সপ্তাহে বিগ বসের বাড়িতে চলছে ফ্যামিলি উইক। সৃজলা, দুর্নিবার, সোনামণি-সহ একাধিক প্রতিযোগীর পরিবারের সদস্যরা হাজির হয়েছেন বাড়িতে। ফাইনালের আগে জমে উঠেছে টানটান পর্ব। তবে এসবের মাঝেও আলোচনার কেন্দ্রে জিতু ও সৃজলা। প্রেম নিবেদন থেকে চিঠির আদানপ্রদান—বিভিন্ন কারণে চর্চায় রয়েছেন তাঁরা। কিন্তু এ বার যেন তাঁদের সম্পর্কে দেখা দিল ছন্দপতন।
বুধবারের পর্বে জিতু ও সৃজলাকে কথা কাটাকাটিতে জড়াতে দেখা যায়। এ দিন বিগ বসের বাড়িতে আসেন মনামীর মা। তাঁকে ঘিরেই ঘটনার সূত্রপাত। মান-অভিমান ভুলে দর্শকদের চমকে দিয়ে জিতুর হাতেই ক্যাপ্টেন্সির জন্য উপহার তুলে দেন তিনি। কিন্তু জিতুর দু’বার উপহার পাওয়া নিয়ে অন্য প্রতিযোগীদের মধ্যে শুরু হয় আলোচনা। একসময় সেই উপহার নিয়ে কাড়াকাড়িও শুরু হয়।
তবে উপহারের কেক ঘিরে তৈরি হওয়া অশান্তির নেপথ্যে রয়েছে অন্য কারণ। জিতুর দাবি, নন্দিনী বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাজবীর ও সৃজলার সম্পর্ক অনেকটাই সহজ হয়েছে। অথচ একসময় দু’জনের মধ্যে দূরত্ব এতটাই ছিল যে একে অপরের ছায়াও মাড়াতেন না। খেলার বাইরেও তাঁদের কথাবার্তা প্রায় বন্ধ ছিল। নন্দিনী চলে যাওয়ার পর হঠাৎ এই বন্ধুত্বের সমীকরণ বদলে যাওয়াতেই কি আপত্তি জিতুর?
এ দিকে, রাজবীর ও সৃজলার একসঙ্গে এগিয়ে আসা নিয়েও তৈরি হয়েছে নতুন আলোচনা। যদিও রাজবীরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক অস্বীকার করেছেন সৃজলা। জিতুর মা অবশ্য সৃজলার হাতেই তুলে দিয়েছেন ক্যাপ্টেন্সির উপহার।
জিতুর দাবি, নন্দিনী বাড়িতে থাকাকালীন রাজবীরের সঙ্গে কথাই বলতেন না সৃজলা। বরং দূরত্ব বজায় রাখতেন। কিন্তু নন্দিনী চলে যাওয়ার পর থেকেই পাল্টে গিয়েছে তাঁদের সম্পর্কের সমীকরণ। এই অভিযোগের জবাবে সৃজলা রাজবীরের সঙ্গে বন্ধুত্বের কথা অস্বীকার করেন। এর পর দু’জনেই নিজেদের জায়গা থেকে উঠে চলে যান। আর এই ঘটনাকে ঘিরেই বিগ বসের বাড়িতে শুরু হয়েছে নতুন জল্পনা।

