স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ-ডি (Group D) নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে (Alipur Court) আত্মসমর্পণ করে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে আলিপুরের বিশেষ সিবিআই আদালত (CBI Court)। তবে জামিন দিলেও পার্থর জন্য ছ’টি শর্ত বেঁধে দিয়েছে আদালত (Court)।
শারীরিক অসুস্থতার কারণে আদালতের দোতলায় উঠতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। ফলে আদালতকক্ষে উপস্থিত না থেকে নিজের গাড়িতে বসেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেন তিনি। পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতে তাঁর মেডিক্যাল রিপোর্ট পেশ করে জানান, একাধিক কোমর্বিডিটি রয়েছে তাঁর মক্কেলের। শারীরিক সমস্যার কারণে সিঁড়ি দিয়ে ওঠা সম্ভব নয়। আইনজীবীর বক্তব্য শোনার পর একতলা থেকেই ভার্চুয়াল শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দেন বিচারক। তবে আদালত ভবনে লিফ্ট না থাকায় শেষ পর্যন্ত গাড়িতে বসেই শুনানি করতে হয় পার্থকে।
উল্লেখ্য, এই মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতিদমন আইনে মামলা চালানোর প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর তা আদালতে জমা দিয়েছিল সিবিআই। এর পরেই পার্থকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার আত্মসমর্পণের পর তাঁর জামিন মঞ্জুর হলেও একাধিক বিধিনিষেধ আরোপ করেছে আদালত।
আদালতের নির্দেশ অনুযায়ী, চিকিৎসার প্রয়োজন ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না পার্থ। নিজের পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে তাঁকে। মামলায় চার্জ গঠনের দিন সশরীরে আদালতে হাজিরাও বাধ্যতামূলক। পাশাপাশি তদন্তে সহযোগিতা করতে হবে এবং প্রয়োজনে তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হতে হবে। একই ধরনের কোনও অপরাধে জড়িত হওয়া যাবে না। কোনও সাক্ষীকে ভয় দেখানো বা হুমকি দেওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। অর্থাৎ, জামিন পেলেও ছ’টি শর্ত মেনেই চলতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

