বালিখাদানের অবৈধ কারবার বন্ধ করতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাঁদনা পরব উপলক্ষে বাঁকুড়ার (Bankura) রাইপুরের (Raipur) সভামঞ্চ থেকে তিনি জানিয়ে দিলেন, রাজ্যের সমস্ত অবৈধ বালিখাদানকে বৈধ করার পথে এগোবে সরকার (State Government)। একইসঙ্গে তাঁর আশ্বাস, বাঁকুড়া তথা জঙ্গলমহলের উন্নয়নে কোনও খামতি রাখা হবে না। বালির দাম যাতে না বাড়ে এবং খাদান থেকে সরকারি রাজস্ব আদায় নিশ্চিত হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।
রাইপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা নিশ্চিন্ত থাকুন। কোনও অবৈধ বালিখাদান চলবে না। যত অবৈধ বালিখাদান আছে, সেগুলিকে বৈধকরণের কাজ আমরা করে দেব, যাতে বালির দাম না বাড়ে।” এই প্রসঙ্গে আগের তৃণমূল সরকারকে নিশানা করে তাঁর অভিযোগ, অবৈধ বালিখাদানের টাকা বিগত সরকারের চোরেদের পকেটে গিয়েছে। এবার থেকে সেই কারবারের মাধ্যমে সরকারের রাজস্ব আদায় নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
জঙ্গলমহলের উন্নয়ন নিয়েও একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বামফ্রন্ট এবং তৃণমূল—দুই সরকারের আমলেই জঙ্গলমহল বঞ্চনার শিকার হয়েছে। আদিবাসী ও মূলবাসীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের কথাও ফের ঘোষণা করেন তিনি। শুভেন্দুর দাবি, গত আর্থিক বছরে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মাধ্যমে জঙ্গলমহলে মাত্র ৬ কোটি টাকা খরচ করেছিল আগের সরকার। সেখানে তাঁর সরকারের আট মাসের বাজেটেই এই খাতে ১২০০ কোটি টাকা খরচের পরিকল্পনা রয়েছে।
নদী, জল, জঙ্গল ও পাহাড়ের পরিবেশ রক্ষার পাশাপাশি সরকারি জমিতে পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর আশ্বাস, শিল্পের কারণে কোনওভাবেই পরিবেশ দূষণ হতে দেওয়া হবে না। কেউ স্বেচ্ছায় জমি দিতে চাইলে সরকার উপযুক্ত দাম দিয়ে সেই জমি কিনে নেবে।
এছাড়াও বাঁকুড়ার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বোর্ডের বরাদ্দ ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০ কোটি টাকা করা হয়েছে বলে জানান তিনি। ডিসেম্বরের মধ্যেই জেলার ঐতিহ্য রক্ষার জন্য সংশ্লিষ্ট বোর্ড গঠনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
স্বাস্থ্য পরিষেবা নিয়েও পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বাঁকুড়ার ২৫ লক্ষ ৫১ হাজার ৭২৫ জনের মধ্যে ইতিমধ্যেই ১৮ লক্ষ ৫৮ হাজার ৪৩৬ জনকে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ মিলবে। যাঁরা আয়ুষ্মান কার্ডের আওতায় আসবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধাও রয়েছে বলে জানান তিনি। এই প্রকল্পে দেশের ৩৮ হাজার হাসপাতালে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে বলে সভা থেকে আশ্বাস দিয়েছেন শুভেন্দু।

