খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
আবহাওয়া

ভাইফোঁটাতেও বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, কবে ফিরবে শীত?

Arunima karmakar ·

সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের আনাগোনা বাড়ল। দুপুরের দিকে কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জায়গায় নামল ঝমঝমিয়ে বৃষ্টি। মঙ্গলবার দিনভর এমনই ছিল আবহাওয়ার মেজাজ। বুধবার, ভাইফোঁটার দিনেও আবহাওয়ার (Weather) বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rainfall) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। তবে এই দুর্যোগের পর্ব কাটলেই রাজ্যে ফিরতে পারে শীতের আমেজ।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবেই বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

বুধবার কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের ঘনঘটা বাড়তে পারে। বিকেলের দিকে শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ভাবে দু’-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশের কাছাকাছি থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ এবং ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলায় বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।


বাতাসে জলীয় বাষ্পের আধিক্য এবং আকাশে মেঘের উপস্থিতির কারণে কলকাতা-সহ গোটা রাজ্যেই রাতের তাপমাত্রা আপাতত কিছুটা বেশি থাকবে। আগামী দু’-এক দিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে। তবে বৃষ্টি ও মেঘের পর্ব কাটলে ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। শনিবার থেকে রাজ্যে তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে ফিরতে পারে শীতের প্রাথমিক আমেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *