দুর্গাপুরের (Durgapur) একটি হোটেলে জুয়ার আসর থেকে গ্রেফতার (Arrest) হলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর (TMC councillor) চন্দন সাহা। তাঁর সঙ্গে আরও চার জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। সোমবার রাতে ভিরিঙ্গি মোড়ের একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে পাকড়াও করা হয়। ঘটনাস্থল থেকে নগদ টাকাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের আদালতে (Court) হাজির করানো হবে।
চন্দন সাহা দুর্গাপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। অভিযোগ, ভিরিঙ্গি মোড়ের ওই হোটেলের একটি ঘরে নিয়মিত জুয়ার আসর বসাতেন তিনি। সেখানে প্রতিদিন লক্ষাধিক টাকার জুয়া খেলা চলত বলে অভিযোগ। পরিচিতদের পাশাপাশি প্রতিদিন নতুন নতুন লোকজনকেও সেই আসরে ডেকে আনা হত।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই ওই হোটেলে জুয়ার ঠেক চলার খবর পাচ্ছিলেন তদন্তকারীরা। এরপরই হোটেলটির উপর নজরদারি শুরু হয়। সোমবার রাতে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযোগ, সেই সময় ঘরের বিছানায় বসেই জুয়া খেলছিলেন চন্দন সাহা। পুলিশ তাঁকে হাতেনাতে গ্রেফতার করে।
চন্দন ছাড়াও বিধান দত্ত, সুনীল বাদ্যকর, শুভঙ্কর বিশ্বাস ও ধনঞ্জয় চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে। এই জুয়ার আসর কারা পরিচালনা করত এবং এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি জুয়ার আসরের আর্থিক লেনদেন সম্পর্কেও তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার ধৃতদের আদালতে পেশ করা হবে।

