নন্দীগ্রাম (Nandigram) মামলার তদন্তে ফের পদক্ষেপের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ২০০৭ সালের ১০ নভেম্বরের ‘অপারেশন সূর্যোদয়’ পর্বে ঘটে যাওয়া হিংসার বিচার এখনও সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ তাঁর। মঙ্গলবার নন্দীগ্রাম দিবস উপলক্ষে গোকুলনগরের (Gokulnagar) শহিদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন, নতুন করে এফআইআর (FIR) দায়ের করে ঘটনার তদন্ত ও বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। কয়েক দিন আগেই গড়বেতার সভা থেকে নন্দীগ্রাম মামলার ফাইল নতুন করে খোলার কথা ঘোষণা করেছিলেন তিনি।
উল্লেখ্য, ২০০৭ সালের ১০ নভেম্বর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত মিছিল বের করেছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। অভিযোগ, সেই মিছিলের উপর হামলা চালিয়েছিল তৎকালীন শাসকদল সিপিএমের আশ্রিত দুষ্কৃতীরা। ওই ঘটনা ‘অপারেশন সূর্যোদয়’ নামে পরিচিত। ঘটনায় দু’জনের মৃত্যুর পাশাপাশি পুলিশের খাতায় ১২ জনের নিখোঁজ হওয়ার তথ্য নথিভুক্ত হয়েছিল।
নন্দীগ্রাম দিবস
রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর ১০ নভেম্বর নন্দীগ্রাম দিবস পালন করা হত। তবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে এই দিনটি পালন নিয়ে রাজনৈতিক টানাপড়েন শুরু হয়। আলাদা আলাদা কর্মসূচি পালন করে তৃণমূল ও বিজেপি। এ বারও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে ‘অপারেশন সূর্যোদয়’ নিয়ে পোস্ট করেছেন। অন্য দিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু লেখেন, ‘নন্দীগ্রাম মানে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই। আজ রক্তাক্ত সূর্যোদয়ের ১৯তম বর্ষপূর্তি।’
গোকুলনগরে মুখ্যমন্ত্রী
মঙ্গলবার গোকুলনগরের সভায় দাঁড়িয়ে শুভেন্দুর দাবি, নন্দীগ্রামের জমি আন্দোলনে তৃণমূলের কোনও ভূমিকা ছিল না। লড়াই হয়েছিল নন্দীগ্রামের সাধারণ মানুষের সঙ্গে তৎকালীন বাম সরকারের। ১৯ বছর পেরিয়ে গেলেও ওই ঘটনার বিচার হয়নি বলে অভিযোগ করেন তিনি। ঘটনার ভয়াবহতা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, মোট ১১ জনকে পিছমোড়া করে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। বারাতলা গ্রাম পঞ্চায়েত অফিসে আটকে রাখার পর তাঁদের কামারদায় সিপিএমের পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের টুকরো টুকরো করে কেটে দেহ ব্যাগে ভরে গভীর সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
মুখ্যমন্ত্রীর আরও দাবি, পরবর্তী সময়ে সিআইডি তদন্ত হলেও বিচারপ্রক্রিয়া শেষ হয়নি। এই মামলায় প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠকে ১৮১ দিন জেলেও থাকতে হয়েছিল। শ্যামলী মান্না ও রেজাউল করিমের মতো আন্দোলনকারীরা গুলিতে প্রাণ হারিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। শুভেন্দুর অভিযোগ, গুলিবিদ্ধ আরও কয়েক জনকে কাঁসাই সেতুর দিকে নিয়ে যাওয়া হয়েছিল। তপন ঘোষ, সুকুর আলি ও বিশ্বনাথ দাসদের সাধারণ মানুষ ধরে ফেললেও ১১ জনের দেহের কোনও সন্ধান মেলেনি। এই ঘটনার বিচার তাঁর সরকার করবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এ দিনের সভা থেকে তৃণমূলকেও তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তাঁর দাবি, গত বছরই তিনি বলেছিলেন, ২০২৬ সালে তাঁরা ফের ক্ষমতায় ফিরবেন। সেই কথা মিলেছে বলেও মন্তব্য করেন তিনি। রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১০০ বছরে তৃণমূলকে আর দেখা যাবে না। তাঁর কথায়, এই বক্তব্য রেকর্ড করে রাখা হোক।
নন্দীগ্রাম নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। অভিযোগ করেন, ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকাকালীন নিহত ও নিখোঁজদের পরিবারের হাতে ডেথ সার্টিফিকেট পর্যন্ত তুলে দেওয়া হয়নি। পরে তিনি নিজে হাই কোর্টে মামলা করে সেই ব্যবস্থা করেছেন বলে দাবি করেন।
বক্তব্যে উঠে আসে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিতর্কিত মন্তব্যও। ১০ নভেম্বরের ঘটনার পর বুদ্ধদেবের ‘They have been paid back in their own coin’ মন্তব্যের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, ব্যক্তিগত জীবনে বুদ্ধদেব সৎ হলেও তাঁর দল খারাপ ছিল। একই সঙ্গে বিমান বসুর ‘নন্দীগ্রামে নতুন সূর্য উঠেছে’ মন্তব্যেরও উল্লেখ করেন তিনি। ১৯ বছর পরেও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা একসময় আন্দোলনকারীদের আটকাতে এসেছিলেন, তাঁদের আজ আর দেখা যায় না।

