খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
কলকাতা

কালীপুজোর রাতে বাইকবাহিনীর রেষারেষি! মানি স্কোয়ারের কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মহিলা-সহ ২ জনের, সঙ্গীদের ফেলে চম্পট ৩ বাইক আরোহীর

Arunima karmakar ·

কালীপুজোর (Kali Pujo) রাতেও শহরের রাস্তায় বেপরোয়া বাইকবাহিনীর দাপট। চারটি মোটরবাইকের মধ্যে রেষারেষির জেরে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। প্রাণ গেল এক মহিলা-সহ দু’জনের। দুর্ঘটনাটি ঘটেছে ইএম বাইপাসে (E M Bypass) মানি স্কোয়ার শপিং মলের উল্টোদিকে। অভিযোগ, দুর্ঘটনার পর জখম দুই সঙ্গীকে রাস্তায় ফেলে রেখেই পালিয়ে যায় বাকি তিনটি বাইকের আরোহীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারটি বাইক উল্টোডাঙা থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল। স্থানীয়দের একাংশের দাবি, বাইকগুলির মধ্যে চলছিল রেষারেষি। সেই সময় মানি স্কোয়ারের কাছে একটি বাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ওই বাইকে এক যুবক ও এক তরুণী ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের চাকা পিছলে গেলে দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনায় বাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিধাননগর (Bidhannagar) দক্ষিণ থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। সোমবার দেহ দু’টির ময়নাতদন্ত করা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর বাকি তিনটি বাইকের আরোহীরা আহত সঙ্গীদের ফেলে রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পলাতক বাইক আরোহীদের শনাক্ত করার চেষ্টা চলছে। বিধাননগর পুলিশের এক কর্তা জানিয়েছেন, অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, কালীপুজোর রাতে শহরে বেপরোয়া আচরণ ও নিষিদ্ধ বাজি ফাটানোর বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৫৯২ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সোমবার পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের মধ্যে ২০৫ জনের বিরুদ্ধে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগ রয়েছে। বাকি ৩৮৭ জনকে বিশৃঙ্খল আচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি এবং ৬ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *