ডায়মন্ড হারবারের তৃণমূল কার্যালয় থেকে প্রায় ৩ কোটি টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা রায় (Sumit Roy)। স্বামীর প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করে পুলিশের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। একইসঙ্গে, মিথ্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যেই পুলিশ বিপুল পরিমাণ টাকা উদ্ধারের কাহিনি সাজিয়েছে বলে দাবি তাঁর। গোটা ঘটনার সিবিআই তদন্ত অথবা অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের আবেদন জানিয়েছেন সুস্মিতা। আগামীকাল, মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা।
ঠিক কী অভিযোগ সুস্মিতার?
আইনজীবীর মাধ্যমে দায়ের করা আবেদনে সুস্মিতা রায়ের দাবি, ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে যে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের কথা পুলিশ জানিয়েছে, তার সঙ্গে তাঁর স্বামীর কোনও যোগ নেই। বরং সুমিতকে গ্রেফতারের পর পুলিশি হেফাজতে তাঁর উপর অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ। মারধর করে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে বলেও দাবি করেছেন তিনি। পাশাপাশি, তদন্তের সঙ্গে যুক্ত অভিযুক্ত পুলিশকর্তাদের অবিলম্বে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন সুস্মিতা।
উল্লেখ্য, কিছুদিন আগে ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের একটি পার্টি অফিস থেকে প্রায় ৩ কোটি টাকা উদ্ধারের দাবি করে রাজ্য পুলিশ। পুলিশের দাবি, সুমিতকে জিজ্ঞাসাবাদ করেই ওই টাকার হদিস মিলেছিল। যদিও শুরু থেকেই এই দাবি অস্বীকার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর পাল্টা অভিযোগ, গোটা ঘটনাটিই সাজানো। রাতের অন্ধকারে পুলিশের একটি নির্দিষ্ট গাড়ি থেকে টাকা এনে পার্টি অফিসে রাখা হয়েছিল বলেও দাবি করেন তিনি। এমনকী, এই ঘটনার সিসিটিভি ফুটেজ তাঁর হাতে রয়েছে এবং যথাসময়ে তা আদালতে পেশ করা হবে বলেও জানিয়েছিলেন অভিষেক। পুলিশের বিরুদ্ধে সুমিতকে জোর করে সিজার লিস্টে সই করানোর অভিযোগও তুলেছিলেন তিনি। এবার সেই অভিযোগের সূত্র ধরেই আদালতের দ্বারস্থ হলেন সুমিতের স্ত্রী।
জেলবন্দি সুমিতের জামিনের অপেক্ষা
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জমি দুর্নীতির মামলায় নাম জড়ানোর পর থেকেই আইনি জটিলতায় রয়েছেন সুমিত রায়। হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট, কোনও আদালত থেকেই আগাম জামিন পাননি তিনি। শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন সুমিত। পুজোর ছুটির আগে জামিনের আবেদন জানানো হলেও অবকাশকালীন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর নিয়মিত বেঞ্চ খোলার পর মামলার শুনানি হওয়ার কথা। ফলে আপাতত জেলেই কাটছে তাঁর দিন। স্বামীর মুক্তি এবং পুলিশি নির্যাতনের অভিযোগের বিচার চেয়েই এবার হাইকোর্টে আইনি লড়াই শুরু করলেন সুস্মিতা।

