খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
কলকাতা

কড়া নজরদারি, একাধিক সতর্কবার্তা, তবু শব্দবাজির দাপট! কালীপুজোর রাতে কলকাতায় গ্রেফতার ৫৯২

Arunima karmakar ·

চোরবাগানের ভয়াবহ ঘটনার পর কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা নিয়েছিল কলকাতা পুলিশ(Kolkata Police)। মণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের সুরক্ষা থেকে শুরু করে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ—প্রতিটি ক্ষেত্রেই জারি হয়েছিল একাধিক নির্দেশিকা। বিশেষ করে নিষিদ্ধ শব্দবাজি নিয়ন্ত্রণে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এত সতর্কতা ও বিধিনিষেধ সত্ত্বেও বাস্তবে কতটা নিয়ন্ত্রণ করা গেল বাজির দাপট? কালীপুজোর রাতের পরিসংখ্যান সামনে আসতেই উঠছে সেই প্রশ্ন। শহরের বিভিন্ন প্রান্তে নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেদার শব্দবাজি ফাটানোর অভিযোগ উঠেছে।

কলকাতায় গ্রেফতারি


কালীপুজোর রাতে কলকাতায় মোট ৫৯২ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। সোমবার কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের মধ্যে ২০৫ জনের বিরুদ্ধে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগ রয়েছে। বাকি ৩৮৭ জনকে বিশৃঙ্খল আচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি এবং ৬ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে।


উৎসবের রাতে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগেও কড়া পদক্ষেপ করেছে পুলিশ। মোট ৫৯৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে হেলমেট ছাড়া বাইক চালানো বা বাইকে সওয়ার হওয়ার অভিযোগে ৪৫৪ জন, বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ৭৫ জন এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৬৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

লালবাজার(Lalbazar) সূত্রে খবর, কালীপুজোর রাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্য আগেভাগেই শহরের প্রতিটি থানায় বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছিল। থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জদের পর্যাপ্ত পুলিশকর্মী নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। যে কোনও পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করার জন্য বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছিল।

বিশেষ বাইক বাহিনী

নিরাপত্তা জোরদার করতে বিশেষ বাইক বাহিনীকেও সক্রিয় রাখা হয়েছিল। কোথাও অশান্তি বা গন্ডগোলের খবর পেলেই পাঁচ মিনিটের পরিবর্তে মাত্র দুই মিনিটের মধ্যে আধুনিক ও দ্রুতগতির বাইকে ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ ছিল পুলিশকর্মীদের। পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা থাকলে আগাম অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশও দেওয়া হয়েছিল।

শহরের প্রতিটি ডিভিশনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সংশ্লিষ্ট ডেপুটি কমিশনাররা। তাঁদের সঙ্গে সমন্বয় রেখে একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিককে রাস্তায় নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছিল। বড় পুজোমণ্ডপ, গুরুত্বপূর্ণ মোড় থেকে শুরু করে শহরের অলিগলিতেও টহলদারির ব্যবস্থা রাখা হয়েছিল।

জিরো টলারেন্স নীতি

শব্দবাজি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি নেওয়ার কথাও জানিয়েছিল লালবাজার। আদালত ও পরিবেশ সংক্রান্ত নির্দেশিকা অমান্য করে কেউ নিষিদ্ধ শব্দবাজি ফাটালে সঙ্গে সঙ্গে আইনি পদক্ষেপের নির্দেশ ছিল। নির্দিষ্ট সময়সীমা ও বিধিনিষেধ অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক।

এর পাশাপাশি কন্ট্রোল রুম থেকে গোটা শহরের পরিস্থিতির উপর নজরদারি, লালবাজার ও বিভিন্ন থানায় ২৪ ঘণ্টার বিশেষ টিম মোতায়েন এবং গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও স্পর্শকাতর এলাকায় নাকা চেকিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছিল।

কিন্তু এত আয়োজন, কড়া নির্দেশিকা এবং আগাম সতর্কবার্তার পরেও শব্দবাজির দাপট পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেল না বলেই অভিযোগ। একদিকে ৫৯২ জনের গ্রেফতারি, অন্যদিকে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত—কালীপুজোর রাতের এই পরিসংখ্যানই প্রশ্ন তুলে দিচ্ছে, পুলিশের কড়া নজরদারি সত্ত্বেও শব্দদূষণ নিয়ন্ত্রণে কতটা সফল হল প্রশাসন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *