খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
SaturdayNovember 21, 2026
নজরে এখন ✦‘গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন’, ৭৫ বছরে ভারতের বদলের খতিয়ান মোদীর, নিশানায় বাম আমলের শিল্পনীতি · জেলেই সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের অনুমতি · Google’s $5 Million Boost For IIT Kharagpur’s AI Future
কলকাতা

কালীপুজোর প্যান্ডেল ও বাজি পোড়ানো নিয়ে বিবাদ! সল্টলেকে প্রতিবেশী চিকিৎসকের বিরুদ্ধে মা-মেয়েকে মারধরের অভিযোগ

Arunima karmakar ·

কালীপুজোকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বচসা। সেই বচসাই গড়াল হাতাহাতিতে। সল্টলেকের সিডি ২৪ ব্লকের একটি আবাসনে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে, ছাদের উপর কালীপুজোর প্যান্ডেল তৈরি এবং বাজি পোড়ানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশী গোষ্ঠীর মধ্যে বিবাদের সূত্রপাত। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কালীপুজোর আয়োজন করা পরিবারের সদস্যরা অপর গোষ্ঠীর এক মহিলা ও তাঁর মেয়েকে মারধর করেন।

অভিযোগকারীর পরিবারের দাবি, প্রতিবেশী চিকিৎসক প্রসেনজিৎ সরকার এবং তাঁর স্ত্রী মনোমিতা সরকার নুপুর সাহা ও তাঁর মেয়ে দেবপ্রিয়া সাহাকে মারধর করেন। ঘটনায় নুপুরের চোখ থেকে রক্ত বের হতে শুরু করে। ভেঙে যায় তাঁর চশমাও। শুধু তাই নয়, তাঁদের বাড়ির সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার সময় নুপুরের স্বামী নিতেশ সাহা এবং তাঁর বড় মেয়ে বাড়িতে ছিলেন না বলে দাবি পরিবারের।
পরে বাড়ি ফিরে আহত স্ত্রী ও মেয়েকে উদ্ধার করে তড়িঘড়ি সল্টলেকের সাব ডিভিশন হাসপাতালে নিয়ে যান নিতেশ। চিকিৎসার পর বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে দুই পক্ষকেই থানায় ডাকা হয় বলে জানা গিয়েছে।

নিতেশ সাহার অভিযোগ, পুলিশ দুই পক্ষের মধ্যে বিবাদ মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে। তবে তাতে রাজি নন তিনি। যাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে, তাঁদের গ্রেফতারের দাবি জানিয়েছেন নিতেশ। অন্যথায় বিষয়টি পুলিশের উপরমহলে জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কালীপুজোর আবহে এই ঘটনাকে কেন্দ্র করে সল্টলেকের ওই আবাসনে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *