বিমানের শৌচাগারে মিলল হাতে লেখা হাইজ্যাকের হুমকি! আর সেই চিরকুট ঘিরেই মাঝ আকাশে ছড়াল তীব্র আতঙ্ক। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ১৭৮ জনকে নিয়ে বেঙ্গালুরু বিমানবন্দরে ফিরে এল ইন্ডিগোর একটি বিমান। শনিবার বিকেলে বেঙ্গালুরু থেকে লখনউগামী ইন্ডিগোর 6E 451 বিমানকে ঘিরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, গত ৭ নভেম্বর বিকেল ৫টা ৫০ মিনিটে ১৭৮ জন যাত্রীকে নিয়ে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লখনউয়ের উদ্দেশে রওনা দেয় বিমানটি। উড়ানের কিছুক্ষণ পর বিমানের শৌচাগারে একটি হাতে লেখা চিরকুট দেখতে পান বিমানকর্মীরা। তাতে লেখা ছিল, ‘ঠিক সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এই বিমানটি হাইজ্যাক হতে চলেছে।’ এমন হুমকি বার্তা নজরে আসতেই তৎপর হয়ে ওঠেন বিমানকর্মীরা। দ্রুত বিষয়টি পাইলট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
এরপর নিরাপত্তা প্রোটোকল মেনে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। কোনওরকম ঝুঁকি না নিয়ে বিমানটিকে ফের বেঙ্গালুরুতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানবন্দরে অবতরণের পর সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। শুরু হয় গোটা বিমানে তল্লাশি। পাশাপাশি, কে বা কারা ওই হুমকি চিরকুট লিখে শৌচাগারে রেখে গিয়েছিল, তা জানতে যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিমানবন্দর পুলিশ।
শনিবার একটি বিবৃতি দিয়ে ঘটনার কথা স্বীকার করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, নির্ধারিত নিরাপত্তা বিধি মেনেই দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছিল। প্রয়োজনীয় তল্লাশির জন্য পাইলট বিমানটিকে যাত্রার উৎসস্থলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।
এই ঘটনায় যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে বিমান সংস্থা। যাত্রীদের জলখাবারের ব্যবস্থা করার পাশাপাশি পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও নিয়মিত তথ্য দেওয়া হচ্ছে। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পরেই বিমানটি ফের লখনউয়ের উদ্দেশে রওনা দেবে। যাত্রী, বিমানকর্মী এবং বিমানের নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছে সংস্থা।
উল্লেখ্য, এই ঘটনার ঠিক একদিন আগেই দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর অন্য একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের ঠিক আগে বিমানের পিছনের দিকের শৌচাগারে একটি চিরকুট উদ্ধার করেন বিমানকর্মীরা। তাতে যাত্রীদের বিমানযাত্রা না করার সতর্কবার্তা লেখা ছিল। এরপরই বিমানটিকে ফিরিয়ে এনে নিরাপত্তা তল্লাশি চালানো হয়। যদিও পরে ওই হুমকি ভুয়ো বলে প্রমাণিত হয়। সমস্ত প্রক্রিয়া শেষে বিকেল ৫টা নাগাদ বিমানটি ফের যাত্রা শুরু করে এবং সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নিরাপদে চেন্নাইয়ে অবতরণ করে।
পরপর দু’দিনে ইন্ডিগোর দুই বিমানে শৌচাগার থেকে হুমকি চিরকুট উদ্ধারের ঘটনায় বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আতঙ্ক ছড়ানোর নেপথ্যে কারা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

